মৃত ব্যক্তির দুটি গরু ফেরত দিল সেই এনজিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার সেই ‘নীড় সেতু সঞ্চয় ও ঋণদান’ নামের বেসরকারি সংস্থা (এনজিও) মৃত্যুর পর শিক্ষক সন্তোষ কুমার বসাকের পরিবারকে গরু দুটি ফেরত দিয়েছে। কিস্তির টাকা শোধ করতে না পারায় ওই শিক্ষক অসুস্থ থাকা অবস্থায় তাঁর বাড়ি থেকে দুটি গরু ধরে নিয়ে যান এনজিওর লোকজন।
গতকাল বুধবার থানায় অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে গরু দুটি ফেরত দেওয়া হয়। তবে ওই বৈঠকে থানা-পুলিশ ওই শিক্ষকের ছেলের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলে জানা গেছে। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সমঝোতা বৈঠক ও গরু দুটি ফেরত দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
উপজেলার গয়েশপুর হাটশাপিলা গ্রামের বাসিন্দা শিক্ষক সন্তোষ কুমার বসাক ওই এনজিও থেকে প্রতিদিন কিস্তি দেওয়ার শর্তে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিছুদিন কিস্তি দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি কিস্তি দিতে পারেননি। ৭ ডিসেম্বর ওই এনজিওর আঞ্চলিক কর্মকর্তা মাসুদ রানা মাঠকর্মীদের সঙ্গে নিয়ে সন্তোষ কুমার বসাকের বাড়িতে গিয়ে তাঁর দুটি গরু ধরে নিয়ে যান। সন্তোষ কুমার বসাকের ছেলে সমিতির লোকজনের কাছ থেকে গরু দুটি ফেরত আনতে ব্যর্থ হয়ে গত ১২ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন সন্তোষ কুমার বসাককে ঘটনাটি জানান। তিনি ঘটনা জানার পর আফসোস করতে করতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে শতদল কুমার বসাক গত সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পরদিন গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ঋণ, দুটি গরু এবং একটি মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সন্তোষ কুমার বসাকের মেয়েজামাই অমিত পাল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমাদের থানায় ডেকে পাঠানো হয়। আমি ও আমার শ্যালক শতদল বসাক থানায় যাই। এনজিওর লোকজনও উপস্থিত ছিলেন। বৈঠকে আমাদের গরুদুটি ফেরত দেওয়া হয়। শ্বশুরের ঋণের টাকা পাঁচ মাসের কিস্তিতে দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। বৈঠক শেষে এসআই সেলিম আমাদের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁর কাছে রেখে দিয়েছেন।’
ওসি জালাল উদ্দিন বলেন, সাদা কাগজে সাক্ষরের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওখানে দুপক্ষের সমঝোতার বিষয়টি লেখা হবে। ব্যস্ততার কারণে বৈঠক চলাকালে লেখা সম্ভব হয়নি।