মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন গতকাল বুধবার শেষ হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা দুই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। তবে মৃত কাউন্সিলরের নামেও ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল সূত্র জানায়, কাউন্সিলররা ভোট দিলেও সম্ভাব্য প্রার্থীরা নিজের নাম বাদ দিয়ে পছন্দের পাঁচ নেতার নাম কাগজে লিখে কেন্দ্রীয় নেতাদের কাছে দেন। গতকালের ভোটাভুটিতে নগরে ১০৮ জন ও দক্ষিণ জেলায় ১৮০ জন কাউন্সিলর অংশ নেন। ঢাকা থেকে মহানগর ও দক্ষিণ জেলা ইউনিটের পাঁচজন করে নেতার নাম প্রকাশ করা হবে।দলীয় সূত্র জানায়, গতকাল সকালে দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় নগরের হামজারবাগের একটি কমিউনিটি সেন্টারে। আর বিকেলে নগরের সম্মেলন হয় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। দক্ষিণ জেলার সম্মেলনে সংঘর্ষের আশঙ্কা থাকলেও পুলিশের উপস্থিতির কারণে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়। সাতকানিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মহসীন অভিযোগ করেন, ‘দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে ভুয়া ভোট নেওয়া হয়েছে। ২০০৫ সালে ব্লাড ক্যানসারে মারা যান সাতকানিয়া ছাত্রদলের সভাপতি আবুল কাশেম। কাউন্সিলর হিসেবে তাঁর নামেও ভোট নেওয়া হয়। একইভাবে দক্ষিণ জেলা ছাত্রদলের আরেক নেতা সম্মেলনস্থলে আসতে দেরি করেন। অথচ তাঁর ভোটও অন্য একজন দিয়ে দেন। ইউরোপ-প্রবাসী আরেক কাউন্সিলরের ভোট অন্যজন দিয়ে দেন। ভুয়া ভোটের ব্যাপারে আমি লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।’ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মহসীন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা আসলে পকেট কমিটি করার চেষ্টা করেছে। তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন অপপ্রচার চালাচ্ছে।