মৃত ব্যক্তির নামে মামলা অভিযোগপত্র
ঘটনার ১০ মাস আগেই মারা যান শফিকুল ইসলাম। অথচ একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে আদালতের বিচারক বললেন, ‘সব সম্ভবের দেশে এটা খুব একটা বেমানান না’।মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ নভেম্বর নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছার শেখ মোহামঞ্চদ খোকন বাদী হয়ে নাটোরের মুখ্য বিচারিক আদালতে দুটি মামলা করেন। মামলা দুটিতে শহরের চৌধুরী বড়গাছা এলাকার মোহামঞ্চদ মজুর ছেলে শফিকুল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়। মামলায় তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, মারধর ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয় ২০০৯ সালের ২০ নভেম্বর।আদালত সূত্র জানায়, ওই সময় আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে তা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত প্রতিবেদন দিতে তখনকার নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি মামলাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমানকে দায়িত্ব দেন। তদন্ত শেষে ২৫ ডিসেম্বর অভিযুক্ত শফিকুলসহ সাত আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে অভিযোগপত্র দেন এসআই। আদালত অভিযোগপত্র গ্রহণ করে শফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ২৫ মে ওই পরোয়ানা তামিল করতে গিয়ে নাটোর থানা-পুলিশ জানতে পারে, আসামি শফিকুল ঘটনার অনেক আগেই মারা গেছেন।গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানার পর শফিকুলের বাবা মোহামঞ্চদ মজু গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক আদালতে হাজির হয়ে তাঁর ছেলের মৃত্যুসনদ উপস্থাপন করেন। মৃত্যুসনদ অনুযায়ী, শফিকুল ২০০৯ সালের ৩১ জানুয়ারি মারা গেছেন। এই সনদ দেখার পর আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রকাশ্যে আদালতে বলেন, ‘সব সম্ভবের দেশে এটা খুব একটা বেমানান না।’বিচারক ঘটনাটি তদন্ত করে আগামী ২২ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নাটোর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।জানতে চাইলে নাটোর থানার বর্তমান ওসি আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো আদালতের কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’