মৃত ব্যক্তির বয়স্ক ভাতার টাকা তোলা হচ্ছে!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বয়স্ক ভাতার কার্ডধারী রতন মিয়ার (৬০) মৃত্যু পরও কে বা কারা তাঁর ভাতার টাকা তুলে আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোনালী ব্যাংক লিমিটেডের তারঘাট বাজার শাখা থেকে ওই টাকা তোলা হচ্ছে।
রতন মিয়া গত ২৭ এপ্রিল মারা যান। তাঁর বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঘাঘড় গ্রামে। রতনের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম নিশ্চিত করলেও তাঁর পক্ষে কীভাবে ভাতা তোলা হচ্ছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
সোনালী ব্যাংকের ওই শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, রতন মারা যাওয়ার পর এই ব্যাংক থেকে দুবার তাঁর ভাতার টাকা অর্থ উত্তোলন করা হয়েছে। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করা হয়েছে এবং হিসাবটি এখনো চলমান রয়েছে।
ওই ব্যাংকের ব্যবস্থাপক লুৎফুর রহমান বলেন, ‘জনপ্রতিনিধি ব্যাংকে লোক শনাক্ত করে দেওয়ার পর আমাদের আর কিছুই করার থাকে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, সরকারি ভাতাপ্রাপ্ত ব্যক্তি মারা যাওয়ার পর সংশ্লিষ্ট কার্যালয়কে অবহিত না করে বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়া হচ্ছে। রতনের স্ত্রী ঝরনা বেগম জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে ভাতার সরকারি টাকা তাঁরা পাননি। স্থানীয় ইউপি সদস্য তাঁর কাছ থেকে ব্যাংকের পাস বই নিয়ে গেছেন বলে তিনি জানান।
নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম আমিনুল ইসলাম জানান, কোনো উপকারভোগী (ভাতাপ্রাপ্ত ব্যক্তি) মারা গেলে সংশ্লিষ্ট ইউপি থেকে তাঁদের কার্যালয়ে মৃত্যুর সনদ পাঠানো হয়। সেই সনদ কার্যালয়ে আসার পর ভাতাপ্রাপ্ত ব্যক্তির হিসাবটি বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দিয়ে জানোনো হয়। এ ছাড়া মৃত্যুর আগে ভাতাপ্রাপ্ত ব্যক্তির ব্যাংক হিসাবে অর্থ জমা হয়ে গেলে, ওই ব্যক্তির নমিনি সংশ্লিষ্ট কার্যালয়ের অনুমতি সাপেক্ষে একবার অর্থ উত্তোলন করতে পারেন। কিন্তু রতনের ক্ষেত্রে এসবের কোনোটাই ঘটেনি।
তবে স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, সমাজসেবা কার্যালয়ে রতনের মৃত্যুর সনদ এখনো জমা দেওয়া হয়নি।