মৃত মহিষের মাংস বিক্রি, চার ব্যক্তির দণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত মহিষ জবাইয়ের পর মাইকিং করে মাংস বিক্রির দায়ে এর বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পৌরসভার বাজার পরিদর্শককে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি এক কসাই ও তাঁর সহকারীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বরগুনা শহরের পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
গতকাল সকালে শহরের পুরাতন বাজারের সোহেলের দোকান থেকে মাইকিং করে মহিষের মাংস বিক্রি শুরু হয়। মৃত মহিষ জবাই করার বিষয়টি ফাঁস হওয়ার আগেই বেলা ১১টার মধ্যে ১২০ কেজি মাংস বিক্রি হয়ে যায়। পরে বরগুনা থানার পুলিশ এসে মাংস বিক্রেতা সোহেল ও কসাই রিপনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মাংস বিক্রেতা সোহেলকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং বরগুনা পৌরসভার বাজার পরিদর্শক হুমায়ুন কবিরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। কসাই রিপন ও তাঁর সহকারী রাজুকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।