মৃত মানুষকে জীবিত দেখিয়ে জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের আহমদপুর মহল্লার স্থায়ী বাসিন্দা ফয়েজ উদ্দিন সরকার মারা গেছেন সেই ১৯৭৩ সালে। তাঁকে জীবিত দেখিয়ে জমি জালিয়াতচক্র তাঁর উত্তরাধিকারীদের জমি দখলের চেষ্টা করছে। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে নগরের রামচন্দ্রপুর মহল্লায়।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, ফয়েজ উদ্দিন সরকারের রেখে যাওয়া শিরোইল মৌজার ৬৯৭ নম্বর খতিয়ানভুক্ত ২ দশমিক ৭৬৪১ একর সম্পত্তির প্রায় অর্ধেক রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। বাকি জমি তাঁর ওয়ারিশরা ভোগদখল করছেন। ১৪ ফেব্রুয়ারি শিরোইল কলোনির ১ নম্বর গলির মো. এহিয়ার ছেলে এজাজ হোসেন এবং শিরোইল মঠপুকুর এলাকার আকতারুজ্জামান দখল নিতে যান। খবর পেয়ে ফয়েজ উদ্দিনের নাতি সাংবাদিক রেজাউল করিম সেখানে গিয়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দখলদারেরা উল্টো হুমকি দিতে থাকেন। রেজাউল করিম বিষয়টি বোয়ালিয়া থানার পুলিশকে জানান। পরে পুলিশ গেলে তাঁরা সেখান থেকে চলে যান। এ ব্যাপারে থানায় এজাহার দাখিল করা হয়েছে।রেজাউল করিম জানান, এজাজ হোসেনের দাবি, ৬৯৭ নম্বর খতিয়ানের ১৪ কাঠা জমি তাঁর (রেজাউল করিম) দাদার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) করে নিয়েছেন। গত ১১ নভেম্বর দলিল সম্পাদন করা হয়েছে। তিনি বলেন, দলিলে ফয়েজ উদ্দিনের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৪৯ সাল। এ হিসাব ধরলে তাঁর দাদা তাঁর চেয়ে মাত্র আট বছরের বড় হচ্ছেন। এই দলিলে ফয়েজ উদ্দিনকে জীবিত দেখানো হয়েছে। অথচ তিনি ১৯৭৩ সালে মারা গেছেন। কথিত এই আমমোক্তারনামার মাধ্যমে দলিলের মালিক অন্যের কাছে জমি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রেজাউল করিম বলেন, অপর দখলদার আকতারুজ্জামানের দাবি, তিনি ফয়েজ উদ্দিনের (রেজাউল করিমের দাদা) কাছ থেকে একই সময়ে সরাসরি চার কাঠা জমি কিনে নিবন্ধন করে নিয়েছেন।আরেক ভুক্তভোগী নগরের রামচন্দ্রপুর মহল্লার মোস্তাক আহম্মেদ ও মো. মার্শাল জানান, তাঁদের বাবা ১৯৬৮ সালে মারা গেছেন। অথচ তাঁদের লক্ষ্মীপুর মৌজার জমি তাঁর বাবাকে জীবিত দেখিয়ে ১৯৮৪ সালে রেজিস্ট্র করা জাল দলিল দেখিয়ে দখলের ষড়যন্ত্র চলছে। তাঁরা এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন। নগরের তালাইমারীতেও এ ধরনের ঘটনায় একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় এজাহার করেছেন মো. এনামুল হক নামের এক ব্যক্তি।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, জালিয়াতচক্র একশ্রেণীর অসাধু দলিললেখক, রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও ভূমি রেকর্ড সংরক্ষণ অফিসের কর্মীদের সহায়তায় জাল দলিল তৈরি করে মানুষকে সর্বস্বান্ত করছে।বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে তিনি শিরোইল কলোনিতে গিয়েছিলেন। রেজাউল করিমের দাদা ৩৭ বছর আগে মারা গেছেন, অথচ সম্প্রতি তাঁকে দাতা বানিয়ে আমমোক্তারনামার ভুয়া দলিলের ভিত্তিতে তাঁরা জমির দখল নিতে এসেছিলেন। তিনি বলেন, বিষয়টি আদালতের। পুলিশের কিছু করার নেই।