ল্যানসেট-এর নিবন্ধ অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন গড়ে ২২৭টি মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন মা ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার ভবনে সেভ দ্য চিলড্রেন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত দেন। তবে এই বৈঠকে উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির উপপরিচালক ফাহমিদা সুলতানা বলেছেন, সরকার মা ও শিশুমৃত্যুর হার কমাতে ‘আটঘাট বেঁধে’ নেমেছে।
১৮ জানুয়ারি প্রভাবশালী চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট ‘মৃত সন্তান প্রসব’ নিয়ে পাঁচটি নিবন্ধ প্রকাশ করে। এতে দেখা গেছে, মৃত সন্তান প্রসবের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। গত বছর এ দেশে ৮৩ হাজার ৬০টি মৃত সন্তান প্রসব হয়েছে। দিনে গড়ে এই সংখ্যা ২২৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে মৃত সন্তান প্রসবের হার প্রতি হাজারে ১২ তে নামিয়ে আনার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশে এই হার এখন ২৫।
ল্যানসেট মৃত সন্তান প্রসবের যে কারণগুলো উল্লেখ করেছে, তা মা ও নবজাতকের মৃত্যুরও কারণ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, মায়েরা গর্ভধারণের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে মৃত সন্তান প্রসবের আশঙ্কা কমে। নিবন্ধগুলো প্রমাণ করে, মায়েরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন না বা পরীক্ষা যথেষ্ট মানসম্মত নয়।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মা ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিবার কল্যাণ পরিদর্শিকারা মাত্র ৫ শতাংশ নারীকে স্বাস্থ্যসেবা দেন কারও বাড়ির উঠানে বা স্থানীয় ক্লাবে। সবচেয়ে দরিদ্র নারীদের জন্য আমি মনে করি এটি সবচেয়ে খারাপ ব্যবস্থা। আমরা চাচ্ছি এই সেবাটা কমিউনিটি ক্লিনিককেন্দ্রিক হোক।’ তিনি প্রশ্ন তোলেন, রাজধানীর বড় হাসপাতালগুলোয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা গর্ভাবস্থায় নারীকে পরামর্শ দিলে, জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে কেন দেবেন না?
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সামিনা চৌধুরী জাতীয় টিকা দিবসের মতো প্রসবপূর্ব সেবা দিবস পালনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখলে স্বাস্থ্যসেবায় গলদটা কোথায় সেটা বোঝা সম্ভব হবে।
ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ফেরদৌসী বেগম প্রযুক্তির সাহায্যে গর্ভস্থ শিশুর প্রতিটি পর্যায় পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।
অবশ্য মা ও নবজাতকের মৃত্যুরোধে সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা দিচ্ছে বলে জানান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফাহমিদা সুলতানা।
গোলটেবিল বৈঠকে ল্যানসেট-এর তথ্য উপস্থাপন করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মা ও শিশুস্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শামস এল আরেফিন এবং সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউ বর্ন লাইভস প্রকল্পের সদস্য সাঈদ রুবায়েত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই প্রকল্পের উপপরিচালক আরিফিন অমল ইসলাম।