মৃত সন্তান প্রসব, সংজ্ঞা ফেরেনি সেই নারীর
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত বনগ্রাম থেকে উদ্ধার হওয়া পাশবিক নির্যাতনের শিকার সেই অন্তঃসত্ত্বা নারী (৩২) অচেতন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে মৃত সন্তানের জন্ম দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সংজ্ঞা ফেরেনি।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, কিসমত বনগ্রাম এলাকার মো. হীরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি অচেতন ওই নারীকে একটি ভ্যানে করে নান্দাইলের বনগ্রাম চৌরাস্তা বাজারে নিয়ে আসেন। পুলিশ সেখান থেকে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি মৃত সন্তান প্রসব করেন।
মো. হারুন অর রশিদ জানান, হীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই নারীর ওপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে, তারা হীরা মিয়ার পরিচিত। তাদের নামও তিনি বলেছেন। ঘটনাস্থলটি গফরগাঁও থানাধীন হওয়ায় তাঁকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
গফরগাঁও থানার এসআই মো. মজিবুর রহমান জানান, তিনি গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু চেতনা ফিরে না আসায় ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি।
খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের চরমহেশকুড়া এলাকায় রয়েছে সরকারি একটি আবাসন প্রকল্প। নিকটবর্তী এলাকাটি গফরগাঁও উপজেলার জয়ারচর। দুই উপজেলার সীমান্ত এলাকার কিছু বখাটে তরুণ নারীদের ফাঁদে ফেলে দুর্গম চরে নিয়ে আসে। তারপর দলবদ্ধ হয়ে ফাঁদে ফেলা নারীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে সবকিছু রেখে দিয়ে নির্যাতিত নারীদের তাড়িয়ে দেওয়া হয়। মানসম্মানের ভয়ে নির্যাতিত নারীরা ঘটনা প্রকাশ করেন না। স্থানীয় লোকজনের ধারণা, ওই নারীও এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।