মৃত সন্তান প্রসবের তালিকায় বাংলাদেশ সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট-এর প্রতিবেদন বলছে, মৃত সন্তান প্রসব হয় এমন শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানে গত বছর ৮৩ হাজার মৃত সন্তান প্রসব হয়েছিল।
সবচেয়ে বেশি মৃত সন্তান প্রসব হয় ভারতে, ৫ লাখ ৯২ হাজার। এরপর রয়েছে নাইজেরিয়া (৩ লাখ ১৪ হাজার), পাকিস্তান (২ লাখ ৪৩ হাজার), চীন (১ লাখ ২২ হাজার), ইথিওপিয়া (৯৭ হাজার), ডি আর কঙ্গো (৮৮ হাজার)। মৃত সন্তান প্রসবের হারের দিক থেকে শীর্ষে আছে পাকিস্তান। তবে এই তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ নেই।
ল্যানসেট গতকাল মঙ্গলবার ‘মৃত সন্তান প্রসব’ নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রসবের পর যে শিশু শ্বাস নেয় না, তাদেরকে মৃত সন্তান বলা হচ্ছে প্রতিবেদনে।
‘ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড ওয়ার্ল্ডওয়াইড এস্টিমেটস অব স্টিলবার্থ রেটস ইন ২০১৫ উইথ ট্রেন্ডস ফ্রম ২০০০, অ্যা সিস্টেমেটিক অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিবেদনটি বিশ্বের ১৯৭টি দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সারা বিশ্বে ২৬ লাখ মৃত সন্তান প্রসব হয়েছে। এদের দুই-তৃতীয়াংশ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ও আফ্রিকার দেশগুলোয়।
দ্য ল্যানসেট-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন মৃত সন্তান প্রসবের এই বিরাট সংখ্যা সম্পর্কে বলেছেন, বিষয়টি নিয়ে যে নীরবতা, তা বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো।
প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) ‘মৃত সন্তান প্রসব’ সম্পর্কে কোনো লক্ষ্যমাত্রা ছিল না। সে কারণে মা ও শিশুমৃত্যুর হার কমানো গেলেও মৃত সন্তান প্রসবের হার কমানো সম্ভব হয়নি।
প্রতিবেদনে বারডেমের মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক প্রকল্প পেরিনেটাল প্রজেক্টের পরিচালক কিশোয়ার আজাদের গবেষণা থেকে উদ্ধৃত করা হয়েছে। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশে নবজাতকের মৃত্যু ও মৃত সন্তান প্রসবের হার প্রায় সমান। সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার কমলেও বাংলাদেশে নবজাতকের মৃত্যুহার যথেষ্ট উদ্বেগজনক। মৃত সন্তান প্রসবের প্রধান কারণ দুটি—মায়ের বা গর্ভস্থ শিশুর অসুস্থতা এবং অদক্ষ হাতে সন্তান প্রসবের চেষ্টা।
ল্যানসেট বলছে, পূর্ব ইউরোপের ছয়টি দেশে প্রতি হাজারে মৃত সন্তান প্রসবের হার দুটিরও কম। কিন্তু পাকিস্তানসহ আফ্রিকার ১৩টি দেশে প্রতি হাজারে মৃত সন্তান প্রসবের হার ৩০টিরও বেশি।
প্রতি হাজারে পাকিস্তানে ৪৩টি মৃত সন্তান প্রসব হয়। এরপর আছে নাইজেরিয়া, চাদ, গিনি বিসাউ, নাইজার, সোমালিয়া, জিবুতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, টোগো ও মালি। দেশগুলোয় প্রতি হাজারে ৩২ দশমিক ৫ থেকে ৪৩টি পর্যন্ত মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে।
মৃত সন্তান প্রসব প্রতিরোধে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন গবেষকেরা। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায়িত নারী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, গর্ভধারণ, উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে সিদ্ধান্ত নিতে পারেন। তার প্রভাবে মা নিরাপদে সুস্থ শিশু জন্ম দিতে পারেন।
এমডিজিতে মৃত সন্তান প্রসব প্রতিরোধে কোনো লক্ষ্যমাত্রা ছিল না। ফলে এ বিষয়ে সব দেশ পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি। যে ৪৫টি দেশ পূর্ণাঙ্গ তথ্য দিতে পেরেছে, সেই দেশগুলোয় মায়েরা মাত্র ২ শতাংশ মৃত সন্তান প্রসব করেন। দ্য ল্যানসেট প্রতিবেদনটি তৈরিতে পরিসংখ্যান সংগ্রহ করেছে দেশগুলোর সরকারের কাছ থেকে। তার ভিত্তিতে বলা হচ্ছে, ৯৮ শতাংশ মৃত সন্তান প্রসব হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। দুই-তৃতীয়াংশের অবস্থান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। ৩৯টি দেশ মৃত সন্তান প্রসব ঠেকানোর ক্ষেত্রে আগাচ্ছে ধীরগতিতে।
এতকাল বিষয়টি আলোচনায় না থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃত সন্তান প্রসবের হার কমাতে একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সংস্থা বলছে, ২০৩০ সালের মধ্যে দেশগুলো প্রতি হাজারে মৃত সন্তান প্রসবের হার ১২ তে নামিয়ে আনবে। গত বছর এই হার ছিল ১৮-এর বেশি।
জানতে চাইলে সরকারের মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচি ব্যবস্থাপক পবিত্র কুমার শিকদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তিনি প্রতিবেদনটি দেখেননি। তবে মৃত সন্তান প্রসব ও নবজাতকদের মৃত্যুহার কমাতে তাঁরা হাসপাতালে সন্তান প্রসবে মায়েদের উদ্বুদ্ধ করা, দক্ষ ধাত্রীসেবা নিশ্চিত করা এবং অপরিণত শিশুর জন্মহার কমাতে পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।