মৃত সন্তান প্রসবের পর মারা গেল ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের শিকার স্কুলছাত্রী ফাতেমা আক্তার সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে। গত ২৯ অক্টোবর সকালে সে একটি মৃত সন্তান প্রসব করে এবং নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। রংপুরের বদরগঞ্জ পৌরসভার আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকেরা গত বুধবার এ ঘটনা জানতে পারেন।
পরিবার সূত্র জানায়, দুই বছর আগে ফাতেমা আক্তারের বয়স ছিল ১৩ বছর। এ বয়সেই তার অমতে বিয়ে দেয় মা-বাবা। তখন সে সপ্তম শ্রেণিতে পড়ত। বিয়ের পর স্বামীর ঘরে যায়নি মেয়েটি। চালিয়ে যায় পড়াশোনা। তবে অষ্টম শ্রেণিতে ওঠার পর স্বামীর ঘরে যেতে বাধ্য হয়। এরপর সে অন্তঃসত্ত্বা হয়।
ফাতেমার মৃত্যুর খবর পেয়ে গত বুধবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে কথা হয় তার মা মনোয়ারা বেগমের (৩৫) সঙ্গে। মনোয়ারা জানান, তাঁর তিন মেয়ে ও এক ছেলে। ফাতেমা দ্বিতীয়। তাঁর বাবা হবিবর রহমান একটি দোকানে কাজ করেন। সামান্য আয়ে সংসার চলে না। পরিবারের বোঝা কমাতে ২০১২ সালের ১৫ অক্টোবর উলিপুর উপজেলার কলাকাঠা গ্রামের হাফিজুল ইসলামের (২৫) সঙ্গে ফাতেমার বিয়ে দেওয়া হয়। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে জোর করে তাকে স্বামীর ঘরে পাঠানো হয়।
মনোয়ারা বেগম বলেন, ‘কম বয়সে বিয়ে দিয়ে বড় ভুল করেছি। গর্ভবতী হওয়ার পর মেয়েটির শরীর ভেঙে যায়। এরপর প্রসব বেদনা উঠলে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ২৯ অক্টোবর সকালে সেখানে সে একটি মৃত সন্তান প্রসব করে। ওই দিন দুপুরে ফাতেমাও মারা যায়।’
ফাতেমার বাবা হবিবর রহমান অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য স্ত্রীকে দায়ী করে বলেন, ‘মেয়েটি জামাইর ঘরে যেতে না চাওয়ায় আমি তাকে পাঠাতে চাইনি। অল্প বয়সে বিয়ে না দিলে আমার মেয়েটি আজও বেঁচে থাকত।’
বদরগঞ্জের চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেমা খাতুন বলেন, ‘ফাতেমা লেখাপড়ায় ভালো ছিল। বিদ্যালয় থেকে তাকে পড়াশোনায় সহযোগিতাও করেছিলাম। আমাদের অজান্তে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে।’
এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) লায়লা আক্তার বানু বলেন, ‘এমন খবর আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।’
উপজেলার রাধানগর পাঠানপাড়া গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোকসানাকে (১২) গত ২৩ এপ্রিল জোর করে স্বামীর ঘরে পাঠালে সে পরদিন বিষপানে আত্মহত্যা করে। ২৬ এপ্রিল প্রথম আলোয় ‘জীবন দিয়ে স্বামীর ঘর ছাড়ল স্কুলছাত্রী’ শিরোনামে খবর ছাপা হয়। রোকসানার বিয়ে পড়ানোর অভিযোগে ২৯ এপ্রিল পাঠানপাড়া জামে মসজিদের ইমামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।