মৃতদের নামে ভাতা উত্তোলন
এক যুগ আগে মারা গেছেন ইনসাফ বিবি (৭৫)। একই এলাকার মুনসুরের মা-ও মারা গেছেন তিন বছর আগে। কিন্তু সরকারের খাতায় তাঁরা দুজনই বেঁচে আছেন। স্বজনদের সহযোগিতায় এই নারীদের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাদল মিয়া এভাবে বাঁচিয়ে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। উদ্দেশ্য, বিধবা ও বয়স্ক-ভাতার অর্থ আত্মসাৎ করা।এলাকাবাসী জানান, ১২ বছর আগে ওয়ার্ডের ডাইলবাড়ি গ্রামের ইনসাফ বিবি (৭০) মারা যান। কিন্তু বাদল মিয়ার সহযোগিতায় তাঁর নামে বয়স্ক-ভাতার কার্ড করে নেন ছোট বোন বুদ্ধি বিবি। একই ওয়ার্ডের আলগাহাটির মুনসুরের মা তিন বছর আগে মারা যান। তাঁর মেয়ে মাজেদা বেগমও ওই ওয়ার্ড সদস্যের সহযোগিতায় মায়ের নামে বিধবা-ভাতা কার্ড পান। মেম্বর ও ওই আত্মীয়েরা মিলে এর পর থেকে ভাতার অর্থ ভোগ করে আসছিলেন।মৃত নারীদের আত্মীয়দের করা অভিযোগ থেকে জানা গেছে, বছর খানেক আগে বাদল মিয়া তাঁদের কাছ থেকে কার্ড নিয়ে নেন। এর পর থেকে তিনি একাই ভাতার টাকা তুলে নিচ্ছিলেন। মুনসুরের মায়ের মেয়ে মাজেদা বেগম বলেন, ‘মেম্বর বাদল কার্ড নেওয়ার পর আর ফেরত দেননি। পরে ব্যাংকে গিয়ে শুনি, ওই টাকা মেম্বর সাব নিয়মিত তুলে নেন।’ তবে মায়ের মৃত্যুর কথা স্বীকার করলেও ওয়ার্ড সদস্যের সঙ্গে যোগসাজশের বিষয়টি এড়িয়ে যান মাজেদা। এদিকে ইনসাফ বিবির বোন বুদ্ধি বিবির খোঁজ করতে গিয়ে জানা গেছে, তিনিও বছর খানেক আগে মারা গেছেন। বাদল মিয়া মুঠোফোনে বলেন, ‘ইনসাফ বিবি ও মুনসুরের মায়ের পরিবারের লোকজনই প্রতারণা করেছে। বিষয়টি জানার পর কার্ডগুলো জব্দ করি। কোনো টাকা আত্মসাৎ করিনি। অন্য কেউ টাকাগুলো তুলে নিয়েছে।’অষ্টগ্রামের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।