মৃতদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা প্রকাশ
বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে মৃতদেহ শনাক্ত করার পাশাপাশি সঠিক হিসাব সংরক্ষণ ও মর্যাদার সঙ্গে এর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘দুর্যোগ-পরবর্তী মৃতদেহ ব্যবস্থাপনা নির্দেশিকা-২০১৬’ প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
গতকাল রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্দেশিকাটির মোড়ক উন্মোচন করা হয়। এটি তৈরি ও প্রকাশে সহযোগিতা করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), বাংলাদেশ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনগত ও মানবিক দুটি কারণেই মৃতদেহ শনাক্তকরণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথমবারের মতো প্রণীত এই নির্দেশিকাটি বিভিন্ন দুর্যোগে মৃত ব্যক্তিদের শনাক্ত করে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে সুরক্ষা দেবে।
নির্দেশিকায় মৃতদেহ অনুসন্ধান ও উদ্ধার, শনাক্তকরণ, হস্তান্তর, সংরক্ষণ বিষয়ে ব্যক্তি ও সংস্থার দায়দায়িত্ব, মৃতদেহ থেকে সংক্রমিত রোগের ঝুঁকি ব্যবস্থাপনা, ক্ষতিগ্রস্ত পরিবার ও নিকটাত্মীয়দের প্রতি সহযোগিতার মতো মোট ১৩টি অধ্যায় সন্নিবেশিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রতিটি মৃতদেহকে সম্মানের সঙ্গে সৎকার করা সব ধর্মের বিধান। দুর্যোগ-পরবর্তী সময়ে মৃতদেহ উদ্ধার ও তা শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করাও সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে নির্দেশিকাটি সহায়ক ভূমিকা পালন করবে।
মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ ও আইসিআরসির হেড অব ডেলিগেশনস ইখতিয়ার আসলানোভ। সূচনা বক্তব্যে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল হাসান নির্দেশিকাটির বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নির্দেশিকা অনুসারে দুর্যোগে মৃত মানুষের সঙ্গে মৃত গবাদিপশুর হিসাবও সংরক্ষণ করা হবে, বাংলাদেশে যেটার ঘাটতি রয়েছে।
আঞ্জুমান মুফিদুল ইসলামের হিসাবে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯৬৮টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করেছে তারা। বছরে এই সংখ্যা গড়ে দেড় হাজারের মতো।