মৃতদেহ ‘নড়ে ওঠার’ পর...
চট্টগ্রামে দাফনের আগে এক বৃদ্ধার লাশ নড়ে ওঠার গুজবে তোলপাড় হয়েছে। তবে শেষ পর্যন্ত বৃদ্ধা মারা গেছেন বলেই প্রমাণিত হয়েছে। বৃদ্ধার স্বজনেরা দাবি করেছেন, জীবিত ব্যক্তিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করায় শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, বন্দর হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী মীর হোসেন তাঁর মা মরিয়ম নেছাকে (৬৫) গত বুধবার ওই হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার বিকেলে অচেতন হয়ে পড়েন মরিয়ম। কর্তব্যরত চিকিৎসক রাজু দে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। রোগীর পরিবার লাশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে পোর্ট কলোনির সরকারি বাসায় নিয়ে যায়। দাফন করতে কবর খোঁড়া হয়। জানাজা পড়ানোর জন্য গোসল করানোর সময় হইচই শুরু হয়। সেখানে উপস্থিত কয়েকজন দাবি করেন, তাঁরা মৃতদেহটিকে নড়াচড়া করতে দেখেছেন। মরিয়ম নেছার ছেলে মীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘নড়েচড়ে ওঠার খবর শুনে লোকজন ভিড় করেন। কী করব তা ভেবে দিশেহারা হই। দ্রুত বন্দর হাসপাতালের চিকিৎসক সাইদুল হককে ডেকে আনা হয়।’ সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, রোগী জীবিত নয়। তবে স্বজনদের কোনো সন্দেহ হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই।’ এ ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি নগরের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মরিয়মের স্বজনেরা দাবি করেন, চিকিৎসক রাজু দে প্রথমবার পরীক্ষা করে মরিয়মকে মৃত ঘোষণা করলেও তিনি বেঁচে ছিলেন। তাঁরা মনে করছেন, ঠিকমতো চিকিৎসা করা গেলে রোগীকে বাঁচানো যেত। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। চিকিৎসক রাজু দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।