মৃতপ্রায় প্রকল্পের টাকায় ইসির বিদেশ ভ্রমণ
এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প, আড়াই বছরে অগ্রগতি মাত্র ১ দশমিক ৪৩ শতাংশ। ডুবতে বসা এই প্রকল্পের জন্যই বিদেশ সফরের লম্বা সূচি তৈরি করেছে নির্বাচন কমিশন।
প্রকল্পটি ভোটারদের স্মার্ট কার্ড দেওয়ার প্রকল্প। অন্যান্য দেশের অভিজ্ঞতা অর্জন করতে তিন কমিশনার ছয়টি দেশ সফরের একটি পরিকল্পনা নিয়েছেন। সঙ্গে থাকছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তাঁদের সফরসূচিটা এ রকম— নির্বাচন কমিশনার জাবেদ আলী, কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী ও আইডিয়ার উপপ্রকল্প পরিচালক আবদুল বারী এরই মধ্যে ১৭ থেকে ২৮ এপ্রিলের মধ্যে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সফর করেছেন। এ ছাড়া আজ ৬ থেকে ১৫ মে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সফর শুরু করছেন কমিশনার আবু হাফিজ, ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম, জাতীয় পরিচয়পত্র বিভাগের পরিচালক মহসিন আলী ও উপসচিব আমজাদ হোসেন। আর ১৫ থেকে ২৬ মের মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, আইডিয়া প্রকল্পের পরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন ও সিনিয়র সহকারী সচিব সাইফুল হক চৌধুরী।
নির্বাচন-যজ্ঞ প্রায় শেষ। এই অবসরেই নির্বাচন কমিশন ভোটারদের স্মার্ট কার্ড দেওয়ার এই মৃতপ্রায় প্রকল্পটিকে নতুন জীবন দিতে আগ্রহী হয়ে উঠেছে।
সম্প্রতি বিশ্বব্যাংক চিঠি দিয়ে বাংলাদেশে তাদের চলমান প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে আইডিয়া নামের এই প্রকল্পকে (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস)। তারা আগামী জুনের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় বলে উল্লেখ করেছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, আইডিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে আগামী মাসে বিশ্বব্যাংকের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। শেষ পর্যন্ত এই প্রকল্পটির জন্য অর্থ ছাড় করা হবে কি না, তা নির্ভর করছে সফরকারী দলটির প্রতিবেদনের ওপর।
এর পরেই কাজের অগ্রগতি দেখাতে কমিশন গত বুধবার স্মার্ট কার্ড তৈরি ও বিতরণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এ ছাড়া প্রকল্পের মূল কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য দুই মাস আগে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে সাইটেল নামের স্পেনের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। আর শুরু হয়েছে বিদেশ সফর।
বিদেশ সফর সম্পর্কে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ‘উন্নত দেশে স্মার্ট কার্ডের নিরাপত্তা ব্যবস্থাপনা কীভাবে করা হচ্ছে, সেটা সম্পর্কে জানতেই কমিশনার ও কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বিদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, আমাদের এখানেও ব্যক্তির তথ্যের নিরাপত্তা সম্পর্কিত আইন আন্তর্জাতিক মানসম্মত ছিল না। আইন সংশোধন হয়েছে, বিধি সংশোধনের কাজ চলছে। এখন শুধু ব্যক্তির তথ্যের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
কমিশন সচিবালয়ের কারও কারও মতে, জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখানো প্রায় অসম্ভব। সে ক্ষেত্রে বিশ্বব্যাংক আইডিয়ার জন্য ঋণের টাকা ছাড় না-ও করতে পারে। আর তা হলে লাখ লাখ টাকা খরচ করে কমিশনারদের অর্জিত অভিজ্ঞতাও কোনো কাজে আসবে না। তাঁরা আরও মনে করেন, জাতীয় পরিচয়পত্র এখনো বাধ্যতামূলক হয়নি। তা ছাড়া নাগরিকদের কারও স্মার্ট কার্ডের দরকার হলে তাঁদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা হারে ফি নিয়ে ইসি নিজস্ব উদ্যোগেই তা করতে পারে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে সময় আছে, তাতে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হবে না। সে জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে। তিনি আরও বলেন, আগামী মাসে বিশ্বব্যাংকের যে প্রতিনিধিদল আসছে, তাদের সামনে উল্লেখযোগ্য অগ্রগতি উপস্থাপন করতে না পারলে তারা প্রকল্পে টাকা দেবে না। অগ্রগতি দেখাতেই নতুন কিছু পদক্ষেপের অংশ হিসেবে কমিশনাররা বিদেশ সফর করছেন।
বিশ্বব্যাংকের আপত্তি: আইডিয়া প্রকল্পটি অনুমোদিত হয় ২০১১ সালের ১৪ নভেম্বর, শেষ করার কথা ২০১৬ সালের জুনের মধ্যে। এই প্রকল্পের আওতায় ভোটারদের টেকসই ও দীর্ঘস্থায়ী স্মার্ট কার্ড দেওয়ার কথা। প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয় এক হাজার ৩৭৯ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প-সাহায্য এক হাজার ৩৬৫ কোটি এবং সরকারের ১৪ কোটি টাকা।
এরপর ২০১২ সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক নিবন্ধন আইন পর্যালোচনা করে বলেছিল, আইনটি মৌলিক মানবাধিকারের পরিপন্থী। এতে নাগরিকের ধর্মীয় পরিচয় সংগ্রহের বিধান রয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নাগরিকের তথ্য সরবরাহ করা হলে তাতে তাদের নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং, আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনী না আনলে তারা ঋণের টাকা ছাড় করবে না।
এই শর্ত আরোপের পর প্রায় আড়াই বছর পার হলেও কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি। সম্প্রতি কমিশন এ-সংক্রান্ত বিধি সংশোধন করে তার খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের কাজের স্বার্থে নাগরিকের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বরসহ প্রাথমিক কয়েকটি তথ্য ছাড়া বাকি তথ্য প্রকাশ করা হবে না। মন্ত্রণালয় এখনো বিধি যাচাই-বাছাই করে কমিশনে পাঠায়নি।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সময়মতো বিশ্বব্যাংকের শর্ত পূরণ না করা, তিন দফায় প্রকল্প পরিচালক পরিবর্তন এবং অযোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার কারণেই আইডিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শুরুতে এই প্রকল্পের পরিচালক ছিলেন আখতারুজ্জামান সিদ্দিকী। মাঝে কয়েক মাসের জন্য ছিলেন সালিম আহমেদ খান। বর্তমানে প্রকল্প পরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন। দুই প্রকল্প পরিচালক ছাড়াও প্রেষণে দায়িত্ব পালন করা আরও একাধিক কর্মকর্তাকে মাঝপথে অন্যত্র বদলি করা হয়েছে।