মৃতপ্রায় বড়াল নদকে বাঁচানোর উদ্যোগ
উৎসমুখ ও ভাটিতে দুটি রেগুলেটর এবং অন্যান্য স্থানে বাঁধ ও রাস্তা নির্মাণ করায় একসময়ের প্রমত্তা বড়াল শুকিয়ে মরে যাচ্ছে। নদটিকে বাঁচানোর জন্য স্থানীয় লোকজন ও কয়েকটি সংগঠন কয়েক বছর ধরে এসব বাঁধ ও রেগুলেটর অপসারণের দাবি জানিয়ে আসছে। ওই দাবির পরিপ্রেক্ষিতে সরকার কয়েক দিন আগে একটি টাস্কফোর্স গঠন করেছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নকশা সার্কেল-৬ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান পারভেজকে আহ্বায়ক এবং পাউবোর নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রমাণিককে সদস্যসচিব করে সাত সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়। ৮ মে টাস্কফোর্সের সদস্যরা বড়ালের রাজশাহীর চারঘাট ও নাটোরের আটঘোরিয়া এলাকা পরিদর্শন করে।পাউবো সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে বড়ালের উৎপত্তি হয়েছে। নদটি রাজশাহীর চারঘাট ও বাঘা এবং নাটোরের বাগাতিপাড়া, বনপাড়া ও বড়াল সেতু হয়ে যমুনায় মিশেছে। এর দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার। বড়ালের ৪৭ কিলোমিটার এলাকায় সেচের জন্য পানি ধরে রাখতে এর উৎসমুখ চারঘাট ও ভাটি নাটোরের আটঘোরিয়াতে রেগুলেটর নির্মাণ করা হয়। এর পর থেকে নদে পানির প্রবাহ কমতে থাকে। আগে এই নদ দিয়ে প্রায় ২১ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো। এখন পাঁচ হাজার কিউসেক পানি প্রবাহিত হয় না। এ কারণে বড়াল শুকিয়ে মরে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াল নদে পানি না থাকায় বাঘা, চারঘাট ও বাগাতিপাড়া উপজেলার পাঁচ শতাধিক জেলে পরিবার বেকার হয়ে পড়েছেন। তাঁরা অনেকেই এখন এ পেশা ছেড়ে দিয়েছেন। একই কারণে প্রায় ১৬ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।কৃষকেরা জানান, বড়াল শুকিয়ে যাওয়ায় অনেক এলাকায় সেচকাজ ব্যাহত হচ্ছে। এ কারণে চারঘাট, বাঘা ও বাগাতিপাড়া উপজেলার ঝিকরা, চারঘাট, মিঞাপুর, অনুপমপুর, কেজিপুর, বনকিশোর, ভায়ালক্ষ্মীপুর, বাটিকামারি, শিমুলিয়া, নন্দনগাছি, কামিনী, কালুহাটি, আড়ানী রুস্তমপুর, কুশাবাড়িয়া, গোচর, রামচানপুর হামিদকুড়া, জামনগরসহ প্রায় ২৫টি গ্রামের প্রায় দুই হাজার একর জমি অনাবাদি পড়ে আছে। বড়ালকে বাঁচানোর জন্য অনেক ব্যক্তি ও সংগঠন কাজ করছে। পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্পের উদ্ভাবক ও সমন্বয়কারী নাটোরের বনপাড়ার বাসিন্দা যশোধন প্রামাণিক গত ২২ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছেন, বড়াল নদ মরে গেছে। চারঘাট ও আটঘোরিয়ার স্লুইসগেট (রেগুলেটরি) ভেঙে দিলে নদে ১২ মাস পানির প্রবাহ থাকবে। এতে সব জীবের টিকে থাকার সুব্যবস্থা হবে।বড়ালতে বাঁচাতে ২০০৯ সালে রাজশাহীতে যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), থানাপাড়া সোয়ালোজ, রোলফাও, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও চলনবিল উদ্যোগ সোসাইটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজশাহী নগরের বরেন্দ্র উন্নয়ন ফোরামের জেন্ডার অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বড়ালের উৎসমুখ ও ভাটিতে রেগুলেটর বসানোর পাশাপাশি পাবনার চাটমোহরের নুননগরে আরেকটি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে নদের চাটমোহরের নতুন বাজার, বোঁথর ও রামনগরে তিনটি পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। বড়াল নদকে বাঁচিয়ে রাখতে এসব প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করতে হবে।টাস্কফোর্সের সদস্যসচিব রমজান আলী প্রমাণিক বলেন, রেগুলেটর ভেঙে ফেলা হবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে তাঁরা এ ব্যাপারে পাউবোর প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) কাছে প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদনে দেওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।