বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। তাদের খোঁজে নদীর তীরে ভিড় করেছেন স্বজনেরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মোরেলগঞ্জ পুরাতন থানার ঘাটে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপর মা-মেয়েসহ চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। আজ বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার পুটিখালি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে রিমা বেগমের (২৩) লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
গতকালের মতো আজকেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। নিখোঁজদের খোঁজে নদীর তীরে ভিড় করেছেন স্বজনেরা। উদ্ধারকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি নিজেরাও ট্রলার নিয়ে নদীতে খুঁজে ফিরছেন নিখোঁজ স্বজনদের। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন স্বজনেরা। এখন অপেক্ষা করছেন লাশের জন্য।
মোরেলগঞ্জ ফেরিঘাটে বড় ভাইয়ের স্ত্রী ও তাঁর ১৮ মাস বয়সী শিশু সন্তানের খোঁজে এসেছেন উপজেলার ভাসানদল গ্রামের মিজানুর রহমান খোকন। প্রথম আলোকে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে আমার ভাবি সালমা বেগম (২৭) তাঁর ছেলে সাজ্জাদকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ট্রলারডুবির পর থেকে আমরা পরিবারের লোকজন নদী পড়ে তাদের খোঁজাখুঁজি করছি। এখনো তাদের পাইনি। জীবিত উদ্ধারের আর আশা দেখি না। সকাল থেকে আমরা লাশের খোঁজে নদীতে ঘুরছি।’

আরেক নিখোঁজ ব্যক্তির স্বজন শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা মো. শাহজাহান বলেন, বাগেরহাট থেকে তাঁর ভাবি রোকেয়া বেগম ও ভাতিজা স্থানীয় রায়েন্দা পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আবির আল শামস (১৫) বাড়ি ফিরছিলেন। ট্রলারডুবির পর ভাবি সাঁতরে তীরে উঠতে পারলেও ভাতিজার কোনো খোঁজ নেই। ট্রলার ভাড়া করে তিনি ভাতিজার সন্ধান করছেন বলে জানালেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার বলেন, সকাল থেকে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা চারটি দলে ভাগ হয়ে পানগুছি নদীর বদনীভাঙ্গা থেকে ফুলহাতা পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া নৌবাহিনীর দুটি ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে দুই পাশের ১০ কিলোমিটার জুড়ে তল্লাশি করা হচ্ছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান বলেন, যারা নিখোঁজ হয়েছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। উদ্ধার অভিযানে নৌ বাহিনীর আরও একটি দল যোগ দিচ্ছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।