চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ গতকাল বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করেছে। এবার মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য ছিল, ‘পৃথিবীর খাদ্যনিরাপত্তার জন্য নিরাপদ স্বাস্থ্যকর মাটি’।গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জীববিজ্ঞান অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন খান তৌহিদ ওসমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি নাসরীন চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সহ-উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীজুড়ে ঘনিয়ে আসছে পরিবেশ সংকট। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পোস্টার প্রদর্শনী। এ ছাড়া মৃত্তিকার পরিকল্পিত ব্যবহারের ওপর অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করা হয়।