মৃত্যু এসে জানিয়ে দিল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ প্রকৌশলী মুনেম ফারহানের হাসিখুশি এই ছবি এখন শুধুই স্মৃতি। গত শুক্রবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবনের প্রদীপ নিভে যায় তাঁর l সংগৃহীত
তরুণ প্রকৌশলী মুনেম ফারহানের হাসিখুশি এই ছবি এখন শুধুই স্মৃতি। গত শুক্রবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবনের প্রদীপ নিভে যায় তাঁর l সংগৃহীত

ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, সুদর্শন মুনেম ফারহানের মুখে সব সময় হাসি লেগে থাকত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। হাসি-ঠাট্টায় সবাইকে মাতিয়ে রাখতেন বলে ক্যাম্পাসে জনপ্রিয় ছিলেন। সবকিছু নিয়েই রসিকতা করতে জুড়ি ছিল না। গত ৩ জুলাই মৃত্যু নিয়ে রসিকতা করে স্ট্যাটাসও দিয়েছিলেন ফেসবুকে। লিখেছিলেন, ‘মৃত্যু এসে জানিয়ে দেয়, জীবন থেকে ছাঁটাই হলে তুমি।’ মাত্র সাড়ে চার মাসের মধ্যে তাঁর এই ঠাট্টা এমন করুণভাবে বাস্তবে ফলে যাবে কে জানত!

গত শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের নিউ মনছুরাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তরুণ প্রকৌশলী মুনেম ফারহান। তাঁকে প্রথমে কর্নেলহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র ২৫ বছর বয়সেই জীবনের প্রদীপ নিভে গেল তাঁর।

মুনেমের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর বাবা মাহবুবুর রহমান। কয়েকটি ইস্পাত কারখানার পরিচালনার সঙ্গে যুক্ত মাহবুবুর রহমান ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। কিন্তু একটা কথা, চালকেরা একটু সতর্ক হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত। কোনো যোগ্যতা ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এদের। আমার স্বপ্ন ছিল মুনেম দেশের জন্য কিছু করবে। কিন্তু এখন তো সবশেষ।’

মা ফেরদৌস আরা শোকে মুহ্যমান। কথা বলার অবস্থায় ছিলেন না তিনি। তিন ভাইয়ের মধ্যে মুনেম সবার বড়। ছোট দুই ভাইও প্রকৌশল শিক্ষার্থী। পিঠাপিঠি ছোট ভাই মুহিব ফারহান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর সবার ছোট মুকিত ফারহান পড়েন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)।

মুনেমের ভাই মুহিব ফারহান বলেন, গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় চমেক হাসপাতাল থেকে মুনেমের লাশ তাঁদের কর্নেলহাটে প্রশান্তি আবাসিক এলাকার বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত তিনটায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লক্ষ্মীপুরের মতলবপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয় লাশ। সেখানে গতকাল শনিবার তাঁকে সমাহিত করা হয়।

মুনেমের ভাই মুহিব ফারহান আরও বলেন, ‘ভাইয়ার ইচ্ছে ছিল অটোমোবাইল নিয়ে উচ্চতর ডিগ্রি নেবেন। এ জন্য চুয়েটের প্রকৌশল শিক্ষা শেষে আইইএলটিএস পরীক্ষা দিয়ে সাত স্কোর করেন। কানাডা ও সুইজারল্যান্ডের দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পান। কিন্তু শতভাগ বৃত্তি না পাওয়ায় আর বাইরে যাওয়া হয়নি। এর মধ্যে গত মঙ্গলবার জিপিএইচ ইস্পাতে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান তিনি। ২ ডিসেম্বর তাঁর কাজে যোগদান করার কথা ছিল। চাকরির খবরে ভাইয়া খুব খুশি হয়েছিলেন। দাদিকে সুখবরটা জানাতে গতকাল গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু গ্রামের বাড়ি আর যাওয়া হলো না তাঁর।’

ব্যক্তিগত জীবনে খুবই বিনয়ী মুনেম চুয়েটে থাকা অবস্থায় শিক্ষার্থীদের নানা দুর্ভোগ নিয়ে সোচ্চার ছিলেন। শিক্ষার্থীদের সমস্যাগুলো তিনি ‘চুয়েট মিমস’ এবং ‘চুয়েট শর্ট স্টোরিস’ নামে ফেসবুক পেজ থেকে বিভিন্ন রম্যলেখা ও কার্টুন পোস্ট করতেন। এ জন্য তাঁর মৃত্যুর খবরে পুরো চুয়েট ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া। অনেকে তাঁকে শেষবারের মতো দেখতে ছুটে যান কর্নেলহাটের প্রশান্তি আবাসিক এলাকার বাসায়। চোখের জলে তাঁরা শেষ বিদায় জানান প্রিয় সহপাঠীকে।