মৃত্যু কখন: ঠিক করে দেশ-কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, গত শতকের ষাটের দশকে দেশের মানুষের প্রত্যাশিত আয়ু ছিল ৪৭ বছর। ১৯৬৬ সালে জন্মগ্রহণ করা মানুষের ২০১৩ সাল পর্যন্ত আয়ু ছিল। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা ঘটেনি।

কারণ, বেড়েছে গড় আয়ু। এখন দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর। অর্থাৎ পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ১৯৬৬ সালে জন্ম নেওয়া মানুষের আয়ু আরও ২০ বছর আছে।

এটা কী করে হলো? পরিসংখ্যান বলছে, গত ৫৭ বছরে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে ২৪ বছর। অর্থাৎ প্রতিবছরে গড় আয়ু বেড়েছে ১৫৩ দিন বা ২২ সপ্তাহ। অর্থাৎ প্রতি ২৪ ঘণ্টায় আয়ু বেড়েছে ১০ ঘণ্টা করে। বিরাট অগ্রগতি। তবে এই অগ্রগতি সবার জন্য সমান হয়নি। নারীর ক্ষেত্রে একটু বেশি হয়েছে। আবার দরিদ্র যাঁরা, বস্তিতে বাস করেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে কম।

মৃত্যু বা গড় আয়ুর ওপর অনেক বিষয়ই প্রভাব ফেলে। একটি গবেষণা বলছে, বিয়ে তার মধ্যে একটি। যাঁরা বিয়ে করেন এবং যাঁরা করেন না, তাঁদের গড় আয়ুতে পার্থক্য এক বছরের। যাঁরা বিয়ে করেন, তাঁরা এক বছর বেশি বাঁচেন। অন্য গবেষণা বলছে, নৈরাশ্যবাদীর চেয়ে আশাবাদীদের মৃত্যুঝুঁকি ৫৫ শতাংশ কম।

শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, দারিদ্র্য হ্রাস, মোট প্রজনন হার হ্রাস, শিক্ষা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, খাদ্যনিরাপত্তা, পুষ্টি পরিস্থিতির উন্নতি, চিকিৎসাসেবায় অগ্রগতি দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত কিছু বিষয় আয়ু বাড়ায়-কমায়। এর মধ্যে আছে রোগ-শোক আছে কি না, রক্তচাপ পরিস্থিতি, মানসিক চাপ, ওষুধ ব্যবহার এবং চিকিৎসকের দ্বারস্থ হওয়ার অভ্যাস। শিক্ষা, কাজের স্থান, উপার্জন, কল্যাণমূলক সুযোগ-সুবিধাও আয়ুর ওপর প্রভাব ফেলে।

আপনি যদি ধূমপান না করেন, মদ বা মদজাতীয় পানীয় পান না করেন, তাহলে বেশি দিন বাঁচবেন। আবার নিয়মিত শরীরচর্চা করলে, খাদ্যবিধি মেনে আহার করলে আয়ু বাড়ে। তবে কোন ধরনের যানবাহন ব্যবহার করছেন, তার এ ক্ষেত্রে ভূমিকা আছে।

ব্যক্তিগত বিষয় গড় আয়ু বৃদ্ধি-হ্রাসে ভূমিকা রাখে। বাংলাদেশে নারী হয়ে জন্মালে কিছুদিন বেশি বাঁচবেন। আপনার বয়স? আপনি যদি ১৯৭০ বা ১৯৮০ সালে না জন্মে ২০০০ সালে জন্মাতেন, তাহলে পৃথিবীতে অবস্থান করার সময়টা দীর্ঘতর হতো। আপনার জিন বলে দেয় আপনি কত দিন বাঁচবেন। আপনার জাতিগত উৎস বলে দেয় আপনি কত দিন বাঁচবেন। পরিবারে অন্যের সঙ্গে আপনার সম্পর্ক বলে দেয় আপনি দীর্ঘায়ু হবেন কি না।

প্রিয় জন্মভূমিও গড় আয়ু নির্ধারণ করে দেয়। আজ যে শিশুটি আফ্রিকার সিয়েরা লিওনে জন্ম নিল, তার গড় আয়ু ৪৭ বছর। আর জাপানে জন্ম নেওয়া শিশু বাঁচবে ৮০ বছরের বেশি। এক পৃথিবীতে এক জন্মে এক জীবনের পার্থক্য!