মৃত্যু তাড়া করে ফেরে ওঁদের
‘আমি যদি কাজ করতে যাই, তাহলে শুধু আমি একাই মারা যাব। কিন্তু আমি যদি বাড়িতে থেকে যাই, তাহলে একসঙ্গে পাঁচজন মারা পড়বে (না খেয়ে)।’ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী গোল্ডেন শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত কাটারম্যান শরিফুল ইসলামের করুণ আর্তি এটি। জীবন-জীবিকার তাগিদে এমন পেশা তাঁরা বেছে নিতে বাধ্য হয়েছেন, যেখানে প্রতিনিয়ত মৃত্যু তাড়া করে ফেরে। দুর্ঘটনা এসব ভাগ্যবিড়ম্বিত শ্রমিকের নিত্যসঙ্গী। শরিফুল ইসলামের বয়স প্রায় ৪৫ বছর। ১৫ বছর আগে তিনি জাহাজভাঙা ইয়ার্ডে কাজ করতে আসেন। বর্তমানে তিনি মোটামুটি ভালো অবস্থায় আছেন। কারণ, ইয়ার্ডে সবচেয়ে বেশি মজুরি পান কাটারম্যান। প্রতি দিন আট ঘণ্টা হিসাবে কাজ করেন তিনি। মজুরি পান ১৩২ টাকা। কাজের অবস্থা সম্পর্কে জানতে চাইলে শরিফুল ইসলাম জানান, বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে জাহাজভাঙার কাজ। কেন ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে তিনি জানান, এখানে কোনো প্রশিক্ষিত লোক নেই। যে যাঁর মতো কাজ করেন। তাই প্রায় প্রতি দিনই ইয়ার্ডে ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে, যার অনেক তথ্যই ইয়ার্ডের বাইরে যায় না। বিভিন্ন ইয়ার্ডে কাজ করেন এমন কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজের ভেতর অনেক সময় বিষাক্ত গ্যাস থাকে। ওইসব জায়গায় কাজ করার সময় মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। তখন কিছুদিন কাজ বন্ধ করে শ্রমিকদের বাসায় বসে থাকা ছাড়া উপায় থাকে না। পরে আবার একটু সুস্থ হলে কাজে যান। শারীরিক এই অসুস্থতা ইয়ার্ডে যাঁরা কাজ করেন, তাঁদের প্রত্যেকেরই কমবেশি আছে। ইয়ার্ড এলাকায় একটানা ২০-২৫ বছর কাজ করার পর অধিকাংশ লোকই কর্মক্ষমতা হারিয়ে নিজ বাড়িতে ফিরে যান, যাঁদের অধিকাংশই মধ্যবয়সে মারা যান। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, যোগাযোগের সুবিধাসহ নানা কারণে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর থেকে কুমিরা সমুদ্র উপকূলে এসব ইয়ার্ড গড়ে ওঠে। বর্তমানে প্রায় ৪৫টির মতো ইয়ার্ডে জাহাজ কাটার কাজ চলছে। অচল হয়ে যাওয়া সমুদ্রগামী জাহাজ কিনে এসব ইয়ার্ডে এনে শ্রমিকদের দিয়ে কাটানো হয়। ভাঙা জাহাজের কোনো কিছুই ফেলনা নয়। সবকিছু বিক্রি হয়। মালিকেরা পান বিশাল অঙ্কের মুনাফা। সরকার প্রতিবছর প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব পায়। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজভাঙার শ্রমিকেরা আসেন বগুড়া, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নওগাঁর গ্রামগুলো থেকে। কর্মরত শ্রমিকদের বয়স ১৪ থেকে ৪৭ বছরের মধ্যে। সরেজমিনে গিয়ে জানা গেছে, একজন শ্রমিককে প্রতি ঘণ্টায় আট টাকা থেকে ২০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হয়। প্রতি ১৫ দিন পর মজুরি পান শ্রমিকেরা। তবে ১৫ দিন কাজ করলেও তাঁরা মজুরি পান ১০ দিনের। পাঁচ দিনের মজুরি জমা থাকে। পরিশ্রম সহ্য করতে না পেরে কেউ যাতে পালিয়ে না যান, এ জন্য এই নিরাপত্তাব্যবস্থা। শ্রমিকেরা দুপুরে এক ঘণ্টা বিরতি পান। এরপর কাজ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে প্রত্যেক শ্রমিককে রাত আটটা পর্যন্ত বাড়তি কাজ (ওভারটাইম) করতে হয়। সীতাকুণ্ড থানা ও ইয়ার্ড-শ্রমিকদের সূত্র জানায়, গত নয় মাসে বিভিন্ন দুর্ঘটনা কেড়ে নিয়েছে ২৭ শ্রমিকের জীবন। এ সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাঁদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। বেসরকারি সংস্থা ইপসার প্রকল্প কর্মকর্তা মো. আলী শাহীন জানান, ইয়ার্ড-মালিকদের গাফিলতির কারণেই প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হয় না। শুধু লাশ বাড়িতে পাঠাতে সামান্য টাকা দেওয়া হয়।জাহাজভাঙা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ প্রসঙ্গে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল সোবহান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলোর পরিবেশের ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও তারা এ নিয়ম মানছে না। যার কারণে অদক্ষ শ্রমিকেরা পুরোনো জাহাজ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। জাহাজভাঙা শ্রমিকদের অদক্ষতার কথা স্বীকার করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাফর আলম জানান, যথাযথ নিয়ম মেনেই জাহাজ কাটা হয়। ইয়ার্ডমালিকেরা সব সময় চেষ্টা করেন যেন শ্রমিকেরা নিরাপদে জাহাজ কাটতে পারেন। শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে ভাটিয়ারীতে ১০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। শ্রমিকদের কম মজুরি প্রসঙ্গে তিনি জানান, কাটিং ঠিকাদাররাই শ্রমিক নিয়োগ করেন। সেটা তাঁদের বিষয়।