মৃত্যু ৭, কমেছে রোগীর চাপও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা তুলনামূলক অনেক কমেছে। গত ৩ দিনে হাসপাতালগুলোতে মৃত্যু হয়েছে মাত্র ২৪ জনের। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত মারা গেছেন সাতজন।

রোগী মৃত্যুর সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে কমেছে করোনা রোগীর চাপও। শহীদ শেখ আবু নাসের হাসপাতাল বাদে অন্য হাসপাতালগুলোতে কিছু করে শয্যা খালি আছে। বিশেষ করে ঈদের দুই দিনে রোগীর চাপ অনেক কম ছিল।

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওই সময়ের মধ্যে সেখানে উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন দুজন করোনা রোগী। এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওই সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার জানান, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ওই হাসপাতালে রোগী ভর্তি আছেন ১২১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৪১ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪৭ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি ৩৮ জন। ওই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৫ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র প্রকাশ চন্দ্র জানান, ওই হাসপাতালের ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে কোনো শয্যাই খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন একজন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। ১৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও ছাড়পত্র নিয়েছেন ১০ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. হামিদুল ইসলাম খান জানান, ৮৭ শয্যার করোনা ইউনিটে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি ৫৮ জন। ২৪ ঘণ্টায় সেখানে ৮ জন ভর্তি হয়েছেন ও ৬ জন ছাড়পত্র নিয়েছেন।