মৃত্যুই হলো তাঁর শেষ ঠিকানা
ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের কিছুদিন পরে জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী আছে। এ নিয়ে প্রায়ই স্বামী তাঁকে মারধর করতেন। সবকিছু সহ্য করেও স্বামীর সংসারে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পরে স্বামী তাঁকে বাসা থেকে তাড়িয়ে দেন। এরপর আশ্রয় নেন বাবার বাড়িতে। বাবা ও সৎ মাও মারধর করে তাঁকে তাড়িয়ে দেন। অবশেষে আশ্রয় নেন ভাইয়ের কাছে।
গত বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার এক দিন পর তিনি হাসপাতালে মারা গেছেন৷ তাঁর ভাইয়ের অভিযোগ, ওই ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁর বোনের মৃত্যু হয়েছে৷
ওই গৃহবধূর নাম মিনারা বেগম (২৫)৷ তিনি কুমিল্লার হোমনা উপজেলার ঘৈন্নারচর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে ও মুন্সিগঞ্জের হান্নান খানের স্ত্রী৷ তাঁর ভাই মানিক মোল্লা বর্তমানে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন৷
মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মিনারার বাবা সিদ্দিক মোল্লা দ্বিতীয় বিয়ে করেন। এরপর মিনারার আশ্রয় হয় ঢাকার ধনিয়া এলাকায় ভাই মানিক মোল্লার কাছে। সেখানেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১২ সালে তিনি হান্নান খানকে বিয়ে করেন। গত ২০ জানুয়ারি মিনারাকে তাঁর স্বামী বাসা থেকে বের করে দেন। এরপর তিনি বাবার বাড়িতে যান। বাবা সিদ্দিক ও সৎ মা কুলসুম বেগম তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন৷ শেষে মিনারার আশ্রয় হয় ভাই মানিকের বাড়িতে। গত বৃহস্পতিবার প্রসব বেদনা উঠলে তাঁকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে থাকা দালালরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে পাশের মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যায়।
সূত্র আরও জানায়, সিজারিয়ান অস্ত্রোপচার করার জন্য ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে মিনারার ভাইয়ের ১৩ হাজার টাকায় চুক্তি হয়। রাত ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পুত্রসন্তান জন্ম নেয়। অস্ত্রোপচার করেন ক্লিনিকের চিকিৎসক সুলতান মাহমুদ৷ অস্ত্রোপচার করার পর তাঁর রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে গত শুক্রবার সকাল সাড়ে সাতটায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে আটটায় তিনি মারা যান। সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুমন পোদ্দার বলেন, অনভিজ্ঞ হাতে সিজার করায় রোগীর এ অবস্থা হয়েছে। সিজারের পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রোগী মারা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসক সুলতান মাহমুদের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামে। তিনি ওই ক্লিনিকের অন্যতম মালিক। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
জানতে চাইলে মুঠোফোনে সুলতান মাহমুদ বলেন, ‘ক্লিনিকে আমার মালিকানা নেই। রোগীটিকে সংকটাপন্ন অবস্থায় এখানে আনা হয়েছিল। সিজার করার পরে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি দাবি করেন, তিনি সিজারিয়ান অস্ত্রোপচারের ওপর প্রশিক্ষণ নিয়েছেন৷
মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক বাবুল হাওলাদার বলেন, কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় রোগী মারা যায়নি।
মিনারা বেগমের ভাই মানিক মোল্লা বলেন, ‘আমার বোন যে সন্তানটি প্রসব করেছে তাকে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। টাকার অভাবে তার জন্য প্রয়োজনীয় জিিনসপত্র কিনতে পারছি না।’
শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুনীর আহমদ খান বলেন, ওই ক্লিনিকটির অনুমোদন নেই। এমনকি অনুমোদনের জন্য তারা আবেদনও করেনি। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না নিয়ে কোনো চিকিৎসক প্রসূতিদের অস্ত্রোপচার করতে পারেন না৷ এ ব্যাপারে মিনারার স্বামী হান্নান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন৷