মৃত্যুও ওঁদের আলাদা করতে পারল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিতা দাশ (১৮) ও শেফা বেগম (১৮) দুই বান্ধবী। পাশাপাশি বাড়িতেই বাস। ছোটবেলা থেকেই দুজনের একসঙ্গে বিদ্যালয়ে যাওয়া, একসঙ্গে খেলা। দুজন যেন হরিহর আত্মা। জীবনে তাঁরা যেমন ছিলেন পরম বন্ধু, তেমনি একসঙ্গেই তাঁরা চলে গেলেন না ফেরার দেশে।গতকাল সোমবার ভোরে একটি বটগাছ থেকে তাঁদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। হূদয়বিদারক এ ঘটনা ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামে। এতে শুধু দুটি পরিবার নয়, শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।গতকাল সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, গ্রামের আবদুল তাহিদের মেয়ে শেফা ও পাশের বাড়ির রামধন দাশের মেয়ে রিতা রোববার সারা দিন একসঙ্গেই ছিলেন। রাতে তাঁরা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমান। ভোরে রিতার প্রতিবেশী অজিতা দাশ উঠানে বের হলে বাড়িসংলগ্ন একটি বটগাছে দুই কিশোরীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেশী কয়েকজন জানান, রিতা ও শেফা দুজন ভিন্ন ধর্মের হলেও ছোটবেলা থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব। প্রায় দুই বছর আগে শেফাকে বিয়ে দেয় তাঁর পরিবার। কিন্তু দুই দিন পরই তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা দুই বান্ধবী সপ্তাহ খানেক ধরে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করার ইচ্ছা প্রকাশ করে পরিবারের কাছে অনুমতি চান। কিন্তু দুই পরিবারই এতে আপত্তি করে।শেফার বাবা আবদুল তাহিদ বলেন, ‘মেয়েরা ঢাকায় চাকরি করতে যেতে চেয়েছিল। এতে রাজি হইনি। কিন্তু তাতে তো ওরা খুব বেশি মন খারাপ করেনি। আত্মহত্যা কেন করল, বুঝে উঠতে পারছি না।’ রিতার মা হেমাঙ্গিনী দাশ বুক চাপড়ে বিলাপ করে বলছিলেন, ‘দুইটা মাইয়া একসঙ্গে জন্মাইল, একসঙ্গে মরল। মা হইয়াও বুঝলাম না, ওরা কেনে ইতা করল।’জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।