মৃত্যুকূপেই গড়ে উঠছে বসতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ২৭ জুন রাতে বৃষ্টিতে হঠাৎ ধসে পড়ে চট্টগ্রাম আকবর শাহ এলাকার রেলওয়ে পাহাড়। মাটিচাপায় মৃত্যুবরণ করেছিলেন ছয়জন।
এ ঘটনায় জয়নব বিবি হারিয়েছিলেন মেয়ে শানু আকতার ও ননদ ভানু আকতারকে। আর মৃত্যুর মুখ থেকে অলৌলিকভাবে ফিরে আসেন মো. হারুনুর রশিদ ও তাঁর স্ত্রী-সন্তানেরা। সেই দুঃসহ ঘটনার পর পার হয়েছে ২০ মাস। স্বজন হারানোর বেদনাদায়ক স্মৃতি এখনো ভোলেননি তাঁরা। অথচ প্রাণঘাতী সে পাহাড়ের পাদদেশে আবারও বসতি নির্মাণ শুরু করেছেন জয়নব বিবি আর হারুন। যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই এলাকায় ঘর নির্মাণ করার কথা বলছেন তাঁরা।
জয়নব বিবি বললেন, ‘কই থাকব? কোথায় যাব? মেয়ের বাপ মারা গেছে সড়ক দুর্ঘটনায়। ঘর ভাড়া করে থাকার সামর্থ্য নেই। অন্য কোথাও জায়গাও নেই। তাই এখানেই বাড়ি নির্মাণ করতে হচ্ছে। জীবনের ঝুঁকি আছে জানি। কিন্তু কিছুই করার নেই।’
সরেজমিনে দেখা গেছে, জয়নব বিবি নিজেই তদারকি করছেন ঘর নির্মাণের বিষয়টি। কারিগরকে নির্দেশনা দিচ্ছেন। এর কিছু দূরে ঘর নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছেন রিকশাচালক হারুন। সে ঘরে ইতিমধ্যে স্ত্রী ও মাকে নিয়ে বসবাসও করছেন তিনি। মাটির চুলায় রান্না করছিলেন শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসা মেয়ে সুমি বেগম। আর কারিগরের হাতে কিছুক্ষণ পর পর তুলে দিচ্ছিলেন বাঁশ আর দড়ি।
পাহাড়ধসের সেদিনের ঘটনা হারুন তুলে ধরলেন এভাবে, ‘বিকট আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ধসের মাটি চলে আসে ঘরে। চাপা পড়ি সবাই। পরে কোনো রকম জান নিয়ে বেরিয়ে আসি।’
তার পরও কেন ঘর নির্মাণ করছেন, জানতে চাইলে তিনি বলেন, ৩৫ বছর ধরে এখানে বসবাস করছি। যাওয়ার আর কোনো জায়গা নেই। দিনের আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি, সেখানে ঘর ভাড়া করব কীভাবে?
প্রাণনাশী এই পাহাড়ের দুই পাশে রয়েছে শতাধিক পরিবার। সম্প্রতি এখানে প্রায় ১৫টি টিনের তৈরি নতুন ঘর নির্মিত হয়েছে। অল্প ভাড়ায় এসব ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষেরা।
ঝুঁকিপূর্ণ এই পাহাড়ের নিচে বসবাসকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বর্ষা মৌসুমে প্রশাসন তাঁদের সরিয়ে নেয়। পাশের একটি উঁচু এলাকায় তাঁবু খাটিয়ে তাঁদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হয়েছিল। অবশ্য তিন মাস আগে নিজেদের ঘরে ফিরে আসেন তাঁরা।
পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে চান না এই বাসিন্দারা। দুই বাসিন্দা ইব্রাহিম খলিল ও নাসিমা আখতার বলেন, পাহাড়ধসের পর প্রশাসনের বড় বড় কর্তারা স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এত বছরে কিছুই হয়নি।
২০০৭ সালে পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যুর পর গঠিত তদন্ত কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি অন্যত্র সরিয়ে নেওয়াসহ ২২টি সুপারিশ করেছিল। এর মধ্যে অন্যতম ছিল ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের স্থায়ী ও অস্থায়ী পুনর্বাসনের কথা। এ জন্য গত বছরের ৯ মে চট্টগ্রাম জেলা প্রশাসন অস্থায়ী পুনর্বাসনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে কমিটি গঠন করে। ওই কমিটি আকবর শাহ রেলওয়ে পাহাড়ের পাদদেশে বসবাসরত ২১টি পরিবারকে অস্থায়ী পুনর্বাসন করে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ের পাদদেশে বসতি নির্মাণ না করতে বারবার প্রচারণা চালানো হয়। কিন্তু শাসকগোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা সেখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছে।’