মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস
‘আঁরা গরিব মানুষ। সারা দিন হষ্ট গরি দুই বেলা খাবার জোগার গরিত ন পারি, ভারা বাসাত থাইক্যুম এই টিয়া পইসা’অ নাই। পারত (পাহাড়ে) আঁরা পরান (প্রাণ) হাতত লই ঘুমাই। সারা দিন টেনশনত থাকি। তার পরও গরিবার (করার) হন উপায় নাই। পায়াড় (পাহাড়) ছারি আঁরা হড়ে (কোথায়) যাইয়ুম?’ গত বুধবার দুপুরে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা পাহাড়ের বাসিন্দা ছফুরা বেগম (৫০) এসব কথা বলেন। প্রায় ১০০ ফুট উঁচু পাহাড়ের ঢালে তাঁর ঘর। ছফুরা জানান, গত সোমবার গভীর রাতে প্রবল বর্ষণের সময় পাহাড় ধসে বড়সড় মাটির খণ্ড তাঁর বসতবাড়ির পাশে পড়ে। এতে তাঁদের ঘর কেঁপে ওঠে। শুরুতে তাঁরা ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। খণ্ডটি যেখানে পড়েছে, তা থেকে তাঁদের ঘরের দূরত্ব দুই-তিন ফুট। এটি আরেকটু কাছে এসে পড়লেই ছেলে, বউ, নাতিসহ তাঁরা ছয়জন চাপা পড়তেন। ছফুরার প্রতিবেশী আলী আহমদ (৫৬), গোলমেহের বেগম (৪৫), ধলু বিবি (৫২) ও আবদুল কাদের (৩৪) বলেন, বৃষ্টির মৌসুমে পাহাড় ধসে মাটিচাপা পড়ার ভয়ে রাতে ঘুম হয় না। সরকার তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করলে অনেক আগেই তাঁরা পাহাড় থেকে নেমে যেতেন। সরেজমিন দেখা গেছে, বৈদ্যঘোনা পাহাড়ের চূড়া ও ঢালে কয়েক হাজার বাড়ি তৈরি করে বাস করছে প্রায় ৫০ হাজার মানুষ। কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে এসে যে যার মতো ঘর তুলেছে। বেশির ভাগই সাগর ও নদীর ভাঙনে বসতবাড়ি হারিয়েছে। মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারাও আছে। চূড়ায় উঠে দেখা গেছে, পাহাড়ের উঁচু অংশ কেটে হাঁটাচলার রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে শত শত ঝুপড়ি ও আধাপাকা টিনশেড ঘর। কোথাও পাকা ভবন। বৃষ্টির পানিতে পাহাড়ের বালুমাটি সরে গিয়ে কয়েকটি বসতবাড়ি হেলে পড়ার জোগাড়। প্রচণ্ড ঝড়বৃষ্টি হলে ঘরগুলো ভেঙে পড়ে প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বৈদ্যঘোনা বাদে শহরতলির ঘোনাপাড়া, পাহাড়তলি, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকায় পাহাড়চূড়া ও ঢালে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ১৫ হাজার স্থাপনা তৈরি করা হয়েছে। এসব বাড়িতে প্রায় এক লাখ মানুষ বাস করছে। গত তিন বছরে পাহাড়ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘোনারপাড়া পাহাড়ের ৭০ ফুট উঁচু ঢালে তিন বছর ধরে ঝুপড়িতে বাস করছেন কুতুবদিয়ার নুর বেগম (৪৬)। বৃষ্টির পানিতে পাহাড়ি মাটি সরে গিয়ে তাঁর ঘরটি এখন ঝুঁকিতে। নুর বেগম জানান, যেকোনো সময় তাঁদের ঘরটি পড়ে যেতে পারে। কিন্তু অন্য কোথাও গিয়ে থাকার মতো ব্যবস্থা নেই। পাহাড়ের ঢালে ঝুপড়িতে তিন বছর ধরে বাস করছেন মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা সৈয়দা বেগম (৩৪)। তাঁর স্বামী আনোয়ার কামাল শহরে রিকশা চালান। সৈয়দা বেগম জানান, গত রোববার সকালে ৮০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে নামতে গিয়ে তিনি গুরুতর আহত হন। বৃষ্টির পর পাহাড়ি রাস্তাগুলো পিচ্ছিল হয়ে পড়ে। তখন ওঠানামা করা বেশ ঝুঁকিপূর্ণ। কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, ‘বর্ষায় পাহাড়ে বাস করা প্রায় এক লাখ মানুষ নিয়ে আতঙ্কে থাকতে হয়। পাহাড়ধসে প্রতিবছর অনেকের মৃত্যু হয়। এর পরও পাহাড় কেটে বসতবাড়ি তৈরি চলছেই। কয়েক বছর ধরে আমরা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু এত লোকের বাস করার মতো বিকল্প ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় ঝুঁকি থেকে যাচ্ছে।’ কক্সবাজার বন বিভাগ সূত্র জানায়, শহর ও শহরতলির পাঁচ-ছয়টি পাহাড়ে ৯১৫ একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫০ একর ভূমি অবৈধ দখলে চলে গেছে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, গত দুই বছরে দুই শতাধিক মামলা করেও অবৈধ দখলদারদের পাহাড় থেকে উচ্ছেদ করা যাচ্ছে না।