মৃত্যুঝুঁকি নিয়ে বাঁধের ঢালে বাস করছে ২০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ঢালুতে অন্তত ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। বিভিন্ন সময় দুর্যোগ-জলোচ্ছ্বাসের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়ে এসব মানুষের পুনর্বাসনের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপজেলার ধলঘাট, মাতারবাড়ি ও কুতুবজোম ইউনিয়ন লন্ডভন্ড হয়ে প্রায় ১০ হাজার মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় গৃহহারা হয়ে পড়ে কুতুবজোম, মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। পরে ১৯৯৭ সালে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এরপর হয় সিডর, বিজলি ও আইলা। এতে অন্তত ১০ হাজার ঘরবাড়ি ভেঙে যায়। এরপর অনেকেই আবার বসতবাড়ি তৈরি করে বসবাস শুরু করে। কিন্তু সহায়-সম্বলহীন বহু মানুষ এখনো বেড়িবাঁধের ঢাল ও চর এলাকায় বাঁশের তৈরি ছোট ছোট ঘরে মৃত্যুঝুঁকি নিয়ে বাস করছে। গত শুক্রবার সরেজমিন দেখা যায়, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, ওয়াদ্দারপাড়া,পশ্চিম ষাইটপাড়া, সাইরার ডেইল ও মগডেইল এলাকায় বেড়িবাঁধের ওপর ও ঢালুতে কয়েক হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। আর বাঁধে বসবাসরত লোকজন স্বাস্থ্য ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সাগরে মাছ ধরা, লবণমাঠ ও শুঁটকি মাছ শুকানোর কাজে শ্রমিক হিসেবে কাজ করে এসব লোক সংসার চালাচ্ছে। মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায় বানভাসি মনজুর আলম, মোহামঞ্চদ জাহাঙ্গীর ও নুর আহমদ জানান, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের আঘাতে তাঁর ঘরবাড়ি ভেঙে যায়। এরপর জোড়াতালি দিয়ে আরেকটি ঘর তৈরি করে বসবাস করলেও আবার তা ভেঙে যায়। তাই মৃত্যুঝুঁকি নিয়ে এখন বাঁধের ঢালুতে বসবাস করছি। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ এলাকার অন্তত তিন হাজার মানুষ বিভিন্ন সময় দুর্যোগের কবলে পড়ে গৃহহারা হয়ে বিভিন্ন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। তারা স্বাস্থ্য ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই গৃহহীনদের পুনর্বাসন করা জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া ধলঘাট ইউনিয়নের সরইতলার উত্তর দিকে, নয়াঘোনা, সাপমারার ডেইল ও মহুরিঘোনার পাশে বাঁধের ওপর ও ঢালুতে কয়েক হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এ নিয়ে ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ মুঠোফোনে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, দুর্যোগের ফলে কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। তাই এদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, প্রথম পর্যায়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহনির্মাণ করে তাদের পুনর্বাসন করা হয়েছে। তবে অন্যদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।