মৃত্যুঝুঁকি নিয়ে মাছের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সেই পুরোনো দৃশ্য। হুইসেল বাজিয়ে একের পর এক দ্রুতগতির ট্রেন ছুটে চলছে। ট্রেন চলে যাওয়ার পর অনেকেই প্রায় হুমড়ি খেয়ে রেললাইনের ওপর বসে পড়ছে। তাদের সবার কাছে রয়েছে মাছভর্তি ডালা, ঝুড়ি কিংবা হাঁড়ি-পাতিল।
রাজধানীর কারওয়ান বাজারের এই রেললাইন মাছ বাজার নামে পরিচিত। জায়গাটি মৃত্যুফাঁদ বলা যেতে পারে। প্রতিদিন এই রেললাইনের ওপর দিয়ে এক শর বেশি ট্রেন আসা-যাওয়া করে। রেলওয়ে আইন অনুযায়ী রেললাইনের দুপাশে ১১ ফুট জায়গা খালি রাখার নিয়ম রয়েছে।
২০১৪ সালের ১১ সেপ্টেম্বর এখানে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান চারজন। সেদিন সকালেও নিয়ম ভেঙেই রাজধানীর কারওয়ান বাজারের এই রেললাইনের ওপর বসেছিল মাছের বাজার। ছিল ক্রেতা-বিক্রেতার ভিড়। এর মধ্যেই হঠাৎ দুপাশের দুটি লাইন দিয়ে আসা দুটি ট্রেন অতিক্রম করার সময় এ ভয়ানক দুর্ঘটনা ঘটে।
এর পরপরই ঢাকার রেললাইনের পাশে উচ্ছেদ অভিযান চালায় রেল পুলিশ কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যায় কারওয়ান বাজারের এই মাছবাজার। স্থান পরিবর্তন করে মাছের বাজার বসে কারওয়ান বাজারের পার্কের পাশে। প্রায় আড়াই বছর পর মাছের বাজারটি আবারও চলে গেছে রেললাইনের ওপর। মাছ ব্যবসায়ীরা বলেন, কারওয়ান বাজার পার্কে বেচাকেনা কম হতো। লোকজনের যাতায়াতও কম ছিল। রেললাইনের ওপর দিয়ে বিপুল মানুষ যাতায়াত করে। তাই বেচাকেনা ভালো হয়। সে কারণে আবার ঝুঁকি নিয়ে হলেও রেললাইনের মাছের বাজার বসানো হয়েছে।
এফডিসি রেলগেটের তত্ত্বাবধায়ক রেজাউল বলেন, ‘মাছের বাজারের কারণে এখন বেশ অসুবিধা হয়। লোকজনকে রেললাইনের ওপর থেকে সরাব, নাকি ক্রসিং বার ফেলব। এখন ট্রেনের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। তাই ঝামেলাও বেড়েছে।’
দেখা গেছে, শুধু খুচরা বিক্রির বাজার নয়, রেললাইনের এফডিসি-সংলগ্ন এলাকায় মাছের আড়ত বসে গেছে। সেই সঙ্গে আছে রাজনৈতিক দলের কার্যালয়।
কারওয়ান বাজার রেললাইনের মাছ বাজার নতুন করে বসা এবং উচ্ছেদের দায়িত্ব নিতে চাইছে না রেলওয়ে কর্তৃপক্ষ ও রেল পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তাদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন। রেললাইন অবৈধ দখলমুক্ত করার বিষয়টি রেলওয়ে সম্পত্তি বিভাগ তদারক করে থাকে। তারা উচ্ছেদ অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করব।’
এদিকে রেললাইন দখলমুক্ত রাখা রেল পুলিশের দায়িত্ব বলে জানান রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব রেললাইনের দুপাশে এক শ গজ করে দু শ গজ তদারক করা। রেললাইন দখলমুক্ত রাখার কাজ রেলওয়ে পুলিশের।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশ টাঙ্গাইল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৭৬ কিলোমিটার রেললাইন ঢাকা রেলওয়ে থানা এলাকার আওতায়। এর একটি অংশ কারওয়ান বাজারের এই রেললাইন। ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত সাত বছরে ঢাকা রেলওয়ে থানা এলাকার ১৭৬ কিলোমিটার রেললাইনে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭ জন। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ মারা গেছে রাজধানী ঢাকায়।
ট্রেনে কাটা পড়া এবং ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়াকেই এসব মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে রেলওয়ে পুলিশ। তাদের মতে, শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি, রেললাইনের দুপাশের অবৈধ দখলের কারণে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।