মৃত্যুতেও ছিন্ন হয়নি দুজনের বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বন্ধু অপু দাশ (বাঁয়ে) ও বিদ্যুৎ দাশ l ছবি: সংগৃহীত
দুই বন্ধু অপু দাশ (বাঁয়ে) ও বিদ্যুৎ দাশ l ছবি: সংগৃহীত

রাত তিনটার দিকে হঠাৎ মুঠোফোনের রিং বেজে ওঠে। ঘুমজড়ানো কণ্ঠে ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে পরিচিত একজন আশীষ দাশকে জানান, ‘বিদ্যুৎ মারা গেছে।’ বাবার বুকভাঙা চিৎকারে জেগে ওঠে পুরো পরিবার।

বিদ্যুৎ-এর বন্ধু অপু দাশের পরিবার রাত সোয়া দুইটার দিকে দুঃসংবাদটি পায়। অপুর পরিবারের সদস্যরা অবশ্য কাঁদছিল তাঁদের ছেলের মৃত্যুর খবর শুনে। ভোরের দিকে দুই পরিবারই জানতে পারে বিদ্যুৎ-অপু কেউ নেই। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেছে তাঁদের।

তাঁদের আরেক বন্ধু বাপ্পীও ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনজনই দরজি দোকান চালাতেন। ৩০ বছরের এই তিন তরুণ চট্টগ্রাম শহরের ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা। এক পাড়ায় বেড়ে ওঠা এই তিন যুবক সবসময় একসঙ্গে ঘুরতেন। বৃহস্পতিবার রাতেও তাঁরা পরিবারের অগোচরে মোটরসাইকেল নিয়ে একসঙ্গে সীতাকুণ্ডে যাচ্ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে ঘাটফরহাদবেগের কাটাপাহাড়ের বাসায় কথা হয় অপুর বাবা অশোক দাশের সঙ্গে। পুরো বাড়িটি নিস্তব্ধ। ছেলের সৎকার শেষ করে শ্মশান থেকে ফিরেছেন একটু আগে। একটি চেয়ারে বসে নীরবে চোখের পানি ফেলছেন অপুর মা শ্যামলী দাশ।

অশোক দাশ বললেন ‘কাল (বৃহস্পতিবার) রাতে দোকান বন্ধ করে ছেলে আমাকে বলল, বাবা আমি একটু বের হব। কোথায় যাবে বলেনি। রাতে পুলিশ ফোন করে মৃত্যুর খবর দিল...’

মোটরসাইকেলটি অপুর। প্রায় সাত-আট বছর ধরে তিন বন্ধু সুযোগ পেলেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হতেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল বাজার এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। গাড়ির ধাক্বায় ঘটনাস্থলেই অপু ও বিদ্যুৎ মারা যান।

বিদ্যুতের বাবা আশীষ দাশ বলেন, দুই বন্ধু একসঙ্গে থাকত। মারা গেলও একসঙ্গে...