মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অতঃপর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আইনজীবী আবদুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব ওরফে টিটু। নয় বছর আগে এক রায়ে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। সে সময় টিটু ছিলেন পলাতক। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর টিটু উচ্চ আদালতে আত্মসমর্পণ ও আপিল করেন। উচ্চ আদালত তাঁর মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমার আবেদন জানালে তা মঞ্জুর হয়। ৯ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।এ ঘটনায় নিহত রাজ্জাকের পরিবার, স্থানীয় মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। নিহত রাজ্জাকের ভাই ও মামলার বাদী আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার কথা শুনে হতাশ হয়েছি। রাষ্ট্রপতি যে কাউকে ক্ষমা করতে পারেন। কিন্তু আমার ভাইকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা দেওয়ানগঞ্জের কেউ ভুলতে পারেনি। এ ধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।’জানা গেছে, ১৯৯৯ সালের ১১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা সদরে ‘ভারতীয় আগ্রাসনবিরোধী দিবস’ উপলক্ষে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ আইনজীবী আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাদ্রাসা রোড অতিক্রমের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামলাকারীরা আবদুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাঁর ভাই আবদুর রউফ বাদী হয়ে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি টিটুসহ ১৭ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০২ সালে স্পর্শকাতর বিবেচনায় মামলাটি জামালপুর জেলা জজ আদালত থেকে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ওই বছরই আদালত টিটুকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় টিটু পলাতক ছিলেন।আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর টিটুসহ ১২ জন আসামি উচ্চ আদালতে আত্মসমর্পণ ও আপিল করেন। আপিলের রায়ে আদালত টিটুর মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি ১১ জনকে বেকসুর খালাস দেন। এরপর টিটু রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতি তাঁকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে টিটু যাবজ্জীবন সাজা থেকে মুক্তি পান। তিনি ৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পান।জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতে শোকার্ত পরিবারটিকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সন্ত্রাসীরাও এতে উৎসাহ পাবে।’বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জামালপুর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, আদালতের রায়ে দোষী সাব্যস্ত খুনের মামলার আসামিকে এভাবে মুক্তি দেওয়া হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে।অবশ্য দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ জানান, ওই মামলায় তাঁকেও আসামি করা হয়েছিল। পরে তিনিসহ পাঁচজন বেকসুর খালাস পান। তাঁর দাবি, ‘টিটুসহ আমরা কেউ রাজ্জাক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।’