মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত থাকতে পরামর্শ ছিল যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার বলে, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুসরণ করছে, সে বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত সাকা চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বাংলাদেশের বিরত থাকা উচিত। খবর এপির।
শুক্রবার বার্তা সংস্থাটির খবরে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে মার্কিন সমালোচনা আরও বেড়েছে। বিশেষ করে গত সপ্তাহে সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর আরও বেশি সমালোচনামুখর হচ্ছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুদ্ধাপরাধ-বিষয়ক দূত হিসেবে গত আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী স্টিফেন র্যা প বলেছেন, সাকা চৌধুরীকে তাঁর পক্ষে সাক্ষীদের হাজির করতে না দেওয়ার বিষয়টি ‘বিরক্তির’। এর মধ্যে রয়েছেন একজন মার্কিন সাবেক কূটনীতিকও। তাঁরা আদালতকে বলতে চেয়েছিলেন, অপরাধগুলো সংঘটনের সময় সাকা চৌধুরী বাংলাদেশে উপস্থিত ছিলেন না।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ৪১ জন সাক্ষী হাজির করার সুযোগ দিলেও সাকা চৌধুরীর আইনজীবীদের মাত্র চারজন সাক্ষী আনার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁর সহযোগীদের অপকর্মের নির্দেশ দেওয়ার দায়ে। যদিও কোনো সহযোগীই এ বিষয়ে সাক্ষ্য দেয়নি বা কাউকে শনাক্ত করা যায়নি।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির নেতারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, ‘ক্রমবর্ধমান সহিংস পরিবেশ, ভয়ভীতি ও স্ব-আরোপিত সেন্সরশিপ’-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ‘গণতান্ত্রিক জায়গা সংকুচিত’ হয়ে যাচ্ছে। এসব আইনপ্রণেতা দক্ষিণ এশিয়ায় শীর্ষ মার্কিন কূটনীতিককে লেখা এক চিঠিতে সম্প্রতি বাংলাদেশে ব্লগার ও লেখকদের ওপর চরমপন্থীদের হামলার ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, বাংলাদেশের নেতাদের এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন।