মৃত্যুদণ্ড কার্যকর না করার পক্ষে মত স্টিফেন র‍্যাপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারের প্রক্রিয়া আরও অগ্রগতি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করার পক্ষে মত দিয়েছেন।

গতকাল সোমবার দুপুরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে প্রথম আলোসহ দুটি দৈনিকের প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপের সময় বিশেষ মার্কিন দূত  র‍্যাপ এ অভিমত দেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর পর এ পর্যন্ত পাঁচবার বাংলাদেশ সফর করেন স্টিফেন র‍্যাপ। সর্বশেষ গত আগস্টে বিচারের প্রক্রিয়া দেখতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য তিনি বাংলাদেশ সফর করেন।

ওই সফরের প্রসঙ্গ টেনে বিশেষ মার্কিন দূত টিফেন র‌্যাপ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়ায় আমরা কিছু অগ্রগতি লক্ষ করেছি, তবে দেশীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কিছু উন্নতি করার আছে বলে আমি বিশ্বাস করি। এসব বাধ্যবাধকতা পূরণ হয়েছে তা দৃশ্যমান না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর না করাটাই সবচেয়ে শ্রেয়।’

স্টিফেন র‍্যাপ এ ক্ষেত্রে নাম উল্লেখ না করলেও গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের ব্যাপারে ইঙ্গিত করেন।