বাংলাদেশকে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অবিলম্বে স্থগিতাদেশ আরোপ করতে হবে। এটি হবে মৃত্যুদণ্ডের শাস্তি বিলোপের প্রথম পদক্ষেপ। আর বিচার-প্রক্রিয়ার ওপর রাজনৈতিক হস্তক্ষেপ কোনো ক্ষতি করছে কি না, এ বিষয়টি বাংলাদেশকে নিশ্চিত করতে হবে।
দুই দিনের মধ্যে নতুন করে দুটি মৃত্যুদণ্ডের আদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সোমবার এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে।
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ-বিষয়ক গবেষক আব্বাস ফায়েজ বলেন, বাংলাদেশে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার জন্য অব্যাহত চাপ দেওয়া হচ্ছে, যা গভীর উদ্বেগের। শেষ মৃত্যুদণ্ড ঘোষণার নয় মাস বিরতির পর মাত্র এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবার তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের আদেশ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সুবিচার বয়ে আনবে না, বরং সহিংসতার একটি চক্র চিরস্থায়ী হবে।
আব্বাস ফায়েজ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজের ফলাফল প্রচণ্ডভাবে রাজনৈতিক হয়ে পড়েছে। সরকারকে এর সমর্থকদের চাপে অবশ্যই মাথানত করা উচিত নয়, বরং মৃত্যুদণ্ড বিলোপের লক্ষ্যে দেশটিতে সব মৃত্যুদণ্ডের পরিবর্তে দণ্ড লঘু করা এবং এর কার্যকরে স্থগিতাদেশ দেওয়া উচিত। বিজ্ঞপ্তি।