নূর চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না—বাংলাদেশ সরকার এমনটা লিখিতভাবে জানালে কানাডা সরকার তাঁকে ফেরত দেওয়ার কথা বিবেচনা করতে পারে। ঢাকা সফররত কানাডার প্রাদেশিক পার্লামেন্টের সদস্য মাইকেল প্রু গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান। মাইকেল প্রু অন্টারিও প্রদেশের বিচেস ইস্ট ইয়র্ক এলাকা থেকে নির্বাচিত সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী এখন কানাডায় আছেন। মাইকেল প্রু বলেন, কানাডার আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এমন কোনো দেশে হস্তান্তর করা যায় না, যে দেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তিনি বলেন, নূর চৌধুরী কানাডার স্থায়ী নাগরিক। তিনি কীভাবে নাগরিকত্ব পেয়েছেন এটা সম্পূর্ণ গোপনীয় ব্যাপার। তবে নাগরিকত্ব লাভের সময় যদি তাঁর মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়টি গোপন করে থাকেন, তা হলে তাঁর নাগরিকত্ব বাতিল হতে পারে। সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রু বলেন, নূর চৌধুরীকে তৃতীয় কোনো দেশে, যে দেশে মৃত্যুদণ্ড আইন নেই, সেখানে হস্তান্তর করা যেতে পারে। তবে কানাডায় এ ধরনের নজির খুবই কম।শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেওয়ার আগে মাইকেল প্রু ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন বলে জানান। মিট দ্য প্রেসে তাঁর সঙ্গে ছিলেন কানাডাপ্রবাসী সাংবাদিক ও রাজনীতিবিদ আলমগীর হোসেন।