মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে স্টিফেন র্যাপ
মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ, তবে বিচারের পক্ষে যুক্তরাষ্ট্র
মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র মনে করে। যদিও মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড দেওয়াসহ চলমান বিচার-প্রক্রিয়ার কিছু বিষয় নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ রয়েছে।
গতকাল রোববার ওয়াশিংটন থেকে টেলিফোনে দেওয়া প্রথম আলোসহ তিনটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিমত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুদ্ধাপরাধ ও বৈশ্বিক অপরাধের বিচারবিষয়ক বিভাগের বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। আমেরিকান সেন্টারের উদ্যোগে তাদের দপ্তরে গতকাল সকালে এ সাক্ষাৎকারের আয়োজন করা হয়।
বিচারের অপরিহার্যতা স্বীকার করে র্যাপ বলেন, একাত্তরে হত্যা, ধর্ষণসহ যেসব ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার-প্রক্রিয়া শুরুর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এ ধরনের গুরুতর অপরাধের বিচারের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা জরুরি।
বিচার-প্রক্রিয়া শুরুর পর এ পর্যন্ত চারবার বাংলাদেশ সফর করেছেন স্টিফেন জে র্যাপ। গত মে মাসে সর্বশেষ সফরের সময় তিনি মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। গতকালও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের উল্লেখ করে র্যাপ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল করা সাক্ষ্য খুবই উঁচু ুমানের হতে হবে। যাতে তাঁদের স্বার্থ ক্ষুণ্ন না হয়, সেটি লক্ষ রাখা জরুরি।
তবে যুদ্ধাপরাধবিষয়ক মাকিন দূত এটিও স্বীকার করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা একাত্তরে যেসব নৃশংস অপরাধ করেছেন, তার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয় বলে বাংলাদেশের অনেকে বিশ্বাস করেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড না দিলে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া লোকজন খালাস পেতে পারেন বলে লোকজনের উদ্বেগ রয়েছে। তাঁরা ছাড়া পেলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্টিফেন র্যাপ বলেন, ‘বিচার-প্রক্রিয়া এখনো চলছে। আর আপিল বিভাগের এটি প্রথম রায়। বাংলাদেশের বাইরের মানুষ হিসেবে কোনো বিশেষ মামলার ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। তবে শুরু থেকেই আমি ন্যায়বিচারের যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিচার সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছি।’
কাদের মোল্লার রায়ের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও মার্কিন এই বিশেষ দূত বলেন, ‘এ রায়ই চূড়ান্ত কি না, তা নিয়ে লোকজন ভাবছেন। আমরা এ পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তির অধিকার সমুন্নত রাখার জোর দাবি জানাই। কারণ, বাদীর অধিকারের তুলনায় বিবাদীর অধিকার মোটেই কম নয়।’
বিচারে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত না হলে বহির্বিশ্বে এর কী প্রভাব পড়তে পারে—জানতে চাইলে র্যাপ বলেন, বিবাদীর অধিকার সুনিশ্চিত না হলে আর এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলায় আন্তর্জাতিক মানের বাইরে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলে বাংলাদেশের বন্ধুরা হতাশ হয়ে পড়বে। আন্তর্জাতিক মান নিশ্চিত করা না হলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।