মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ সংক্রান্ত শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) ও আপিলের ওপর আবার শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। এ দিন শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পেপারবুক থেকে আসামি মুকুল গাজীর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বিচারিক আদালতের রায় পাঠ করেন। আসামিপক্ষের আইনজীবী এ জবানবন্দির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান শুনানিতে অংশ নেন। জানা যায়, ২০০০ সালের ১৮ জুন টিয়াপাখি দেওয়ার নাম করে শিশু অর্ণবকে ডেকে নিয়ে ঘাতকেরা নিষ্ঠুরভাবে হত্যা করে। এ নিয়ে সাতক্ষীরা অঞ্চলে বিরাট গণআন্দোলন হয়। বিগত জোট সরকারের আমলে এ হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু পরে আদালত তা নাকচ করেন। তবে বিচারিক আদালতের রায়ে দুজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন সাজা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাবন্দী। অপর চারজনের মধ্যে তিনজন জামিনে এবং একজন পলাতক রয়েছেন।