বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির বাকি দুজন গতকাল মঙ্গলবার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। আবেদনকারী এ দুজন হলেন সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিন (আর্টিলারি)। এ নিয়ে নয় দিনের ব্যবধানে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিই রায় পুনর্বিবেচনার আবেদন করলেন।গতকাল দুপুরে ফারুক ও মহিউদ্দিনের পক্ষে তাঁদের আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন করেন। ফারুক রহমান ও আর্টিলারি মুহিউদ্দিনের আইনজীবী খান সাইফুর রহমান বলেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুজনের পক্ষে দুটি পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘পাঁচজনের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি এক সঙ্গে করার উদ্যোগ নেব। ইতিমধ্যে দুই আসামির করা পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২৪ জানুয়ারি ধার্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘২১ জানুয়ারি আপিল বিভাগে আবেদন জানাব, যাতে ওই তারিখে সব আবেদনের শুনানি হয়। এ ছাড়া কাল বৃহস্পতিবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে অন্য আবেদনকারীদের শুনানির দিন নির্ধারণের আরজি জানাব।’এর আগে ১০ জানুয়ারি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার), ১২ জানুয়ারি সুলতান শাহারিয়ার রশিদ খান এবং ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) পক্ষে গতকাল তাঁদের আইনজীবীরা রায় পুনর্বিবেচনার আবেদন করেন। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি বজলুল হুদা, মুহিউদ্দিন (আর্টিলারি) ও মহিউদ্দিন (ল্যান্সার) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে ৯ জানুয়ারি আবেদন করেন।