মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনসহ ১৪ জন বেকসুর খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে শিল্পপতি মো. আলম হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ জন আসামির মধ্যে আটজনকে বেকসুর খালাস এবং তিনজনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর ছয়জন আসামিকেও খালাস দেওয়া হয়েছে।আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করে যে তিনজন আসামিকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তাঁরা হলেন মো. সোহেল, সোহাগ বেপারী ও কবীর। নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ জনের বাকি আটজন হলেন নিহত আলমের জামাতা মতিউর রহমান ওরফে জামাই মতিন ও আলী বাবুল হাসান ওরফে জামাই বাবুল, ফরিদা, জাহানারা বেগম, বাবুল ওরফে বাবু, ইউসুফ, দুলাল এবং আল আমীন। হাইকোর্ট গতকাল তাঁদের খালাস দিয়েছেন।এ ছাড়া নিম্ন আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া শিউলি আক্তার, তাঁর স্বামী রাব্বাত আলী, সোহাগের মামাতো বোন আসমা রহমান, ভগ্নিপতি আবদুর রহমান, রেহানা পারভীন ও আলাউদ্দিনকেও গতকাল খালাস দেওয়া হয়।২০০১ সালের ১ জানুয়ারি জুরাইনের নিজ বাসভবনে আলম ও তাঁর তিন গৃহপরিচারিকা কমলা, সখিনা ও রহিমাকে জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনায় শ্যামপুর থানায় হত্যা মামলা হয়। ২০০৫ সালের ৩১ জুলাই এ মামলার রায়ে নিম্ন আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। তাঁদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের বিষয়টিও শুনানির জন্য হাইকোর্টে আসে। শুনানি শেষে আদালত গতকাল রায় দেন।আদালতে নিহত আলমের স্ত্রী রেজিয়া বেগম ও মেয়ের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সরওয়ার হোসেন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম মোবিন ও মাসুদ আহমেদ সাঈদ।রায় ঘোষণার পর মুনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এক আসামি ছাড়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সবাই কারাগারে আছেন। নিম্ন আদালতে বিচারের সময় দুলাল ও আল আমীন পলাতক ছিলেন। রায়ের পর দুলাল আত্মসমর্পণ করে আপিল করেন। আল আমীন এখনো পলাতক। তাঁকে খালাস দেওয়া হয়েছে।কাজী ইজারুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া বয়স ও অপরাধের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তিন আসামি কবির, সোহাগ ও সোহেলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চলতি সপ্তাহে আপিল বিভাগে আবেদন করা হবে।আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ১৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। বয়স বিবেচনা করে তিনজনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।