মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামি ওয়াহিদুজ্জামান সেলিম গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি ওই হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি নূর হোসেনের সহযোগী।

১৬ জানুয়ারি রায় ঘোষণার পর ৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত রোববার আদালতে আত্মসমর্পণ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সাবেক র‍্যাব সদস্য আবদুল আলিম। বর্তমানে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ দণ্ডপ্রাপ্ত নয়জন আসামি পলাতক।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন ওয়াহিদুজ্জামান। পরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন জামিন আবেদনের শুনানি শেষে তাঁকে কারাগারে কনডেম সেলে পাঠানোর নির্দেশ দেন।

১৬ জানুয়ারি ৭ খুন মামলার রায়ে র‌্যাব-১১-এর সাবেক ৩ কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানা ও মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়।