নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিন (৪৬) আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করলে শুনানি শেষে জামাল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামাল উদ্দিন সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
২০১৫ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার তদন্তকারী সংস্থা দীর্ঘ এক বছর তদন্ত শেষে র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানা; নূর হোসেনসহ ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ১৬ জানুয়ারি আলোচিত এ মামলার রায়ে র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা ও সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে র্যাবের আটজনসহ ১২ আসামি পলাতক ছিলেন। এর মধ্যে গ্রেপ্তার ও আত্মসমর্পণ শেষে এখন এই মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন।
সাবেক কাউন্সিলর নূর হোসেনের অন্যতম সহযোগী ছিলেন জামাল উদ্দিন।