মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া এক কর্মকর্তা।

যথাসময়ে সম্পদের বিবরণী দাখিল না করায় আজ বুধবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক এ কে এম এম ফজলে হোসেন রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন। আনোয়ার হোসেন ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে চলতি বছরের ৪ আগস্ট কাশিমপুর কারাগারের জেল সুপারের মাধ্যমে আনোয়ার হোসেনকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ১০ আগস্ট কারাগারে দুদকের নোটিশটি গ্রহণ করেন তিনি। এরপর নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিয়ে তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে সম্পদের হিসাব দেবেন বলে দুদককে জানান। দুদক তার এই আবেদনকে বিধি-বহির্ভূত উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেয়। সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারা অনুসারে অপরাধ।

জানা গেছে, রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায় আনোয়ার হোসেনসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীর এজিবি কলোনিতে ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর গোলাম শামসুল হায়দারকে জবাই করে হত্যা করা হয়। দুর্নীতির একটি ঘটনা জেনে যাওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে পরে তদন্তে বেরিয়ে আসে।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত বছরের ৩০ ডিসেম্বর ওই হত্যা মামলার রায়ে ছয় আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আনোয়ার হোসেন।

দুদক সূত্র জানায়, শামসুল হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ২০০৯ সালে আনোয়ার হোসেনের বিরুদ্ধে আটটি বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।