মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল কবির
এনামুল কবির

নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া সার্জেন্ট এনামুল কবিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরা সদরের ভায়না মোড় থেকে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। সাত খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এনামুল মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামের ইমারত হোসেনের ছেলে। পুলিশের কাছে খবর ছিল, তিনি মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান। রোববার সকালে গোপন সূত্রে জানা যায়, এনামুল ওই দিন মাগুরা হয়ে ঢাকায় যাবেন। পুলিশের একটি দল এ জন্য জেলা সদরের ভায়না মোড় এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে এনামুল সেখানে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরেই এনামুলকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাত খুন মামলায় গত ১৬ জানুয়ারি ২৬ জনের মৃত্যুদণ্ড ও ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, তাঁর ৯ সহযোগী, র্যা ব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদসহ র্যা বের সাবেক ১৬ কর্মকর্তা রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আটজন পলাতক।