মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সুবহান হাসপাতালে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবদুস সুবহান মোল্লাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
বুকে ব্যথার কারণে আজ বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
কাশিমপুর কারাগারের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার ফরিদুর রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে সুবহানকে ঢাকায় পাঠানো হয়। তিনি বুকে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। হৃদ্রোগ ছাড়াও তাঁর চোখে কম দেখা, কানে কম শোনার সমস্যা রয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাঁকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দিয়েছিল।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. ফরমান আলী সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।