মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি নির্বাচনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চাঞ্চল্যকর আবদুল হামিদ ওরফে মরু হামিদ হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জানিয়ে কারাগার থেকে আবেদন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের কাছে মনোনয়নপত্র পাঠানোর উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দুই আসামি হলেন ঝিকড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলী খাজা এম মজিদ ও একই ইউপির সাবেক সদস্য শুকুর আলী। তাঁদের কয়েদি নম্বর যথাক্রমে ১৩১২/এ ও ৩৬৬১/এ।উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। তিনিই কারাগারে মনোনয়নপত্র পাঠাবেন। আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। তাই নির্বাচনে অংশ নিতে তাঁদের কোনো বাধা নেই।ঝিকড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি মরু হামিদকে চরমপন্থীরা ২০০৩ সালের ৯ নভেম্বর রাজশাহী শহরে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়। ২০০৬ সালের ১৮ অক্টোবর আদালত মামলার তিন আসামি আলী খাজা এম মজিদ, শুকুর আলী ও বল্টুকে মৃত্যুদণ্ড এবং অপর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই থেকে তাঁরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই আসামির আবেদনের পরি-প্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ৮ মে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে একটি চিঠি দেন। গত বুধবার চিঠিটি উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পৌঁছায়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং কারাগারে তাঁদের মনোনয়নপত্র পাঠানোর জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। গত বৃহস্পতিবার থেকেই ওই ইউনিয়নের (ঝিকড়া) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৪ ও ১৮ জুন বাগমারায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।