মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের রায় পুনর্বিবেচনার শুনানি ২৪ জানুয়ারি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে দুজন বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) করা রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর ২৪ জানুয়ারি শুনানি হবে। গতকাল বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন।গতকাল আদালত থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের জানান, ২৪ জানুয়ারি দুই আসামির করা রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ১৯ জানুয়ারি আসামিদের রায় পুনর্বিবেচনার আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে অন্য আসামিরা আবেদন করলে সব আবেদনের একসঙ্গে শুনানি হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত যে আদালত রায় দেন, সেই আদালতেই পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়।এদিকে গত মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন করেন আরেক আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের আইনজীবী। এ নিয়ে তিনজন আসামি আবেদন করলেন।বজলুল হুদা ও মহিউদ্দিনের (ল্যান্সার) পক্ষে তাঁদের আইনজীবী ১০ জানুয়ারি রায় পুনর্বিবেচনার আবেদন করেন। ৯ জানুয়ারি এই দুজনসহ আরেক আসামি মুহিউদ্দিন (আর্টিলারি) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি পুনর্বিবেচনার আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানান।শাহরিয়ার রশিদ খানের আইনজীবী আবদুর রেজাক খান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেলে রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। কবে শুনানি হবে, তা আদালত নির্ধারণ করবেন। ১২০(বি) ধারায় দণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এই ধারায় অভিযোগ গঠন করা হয়নি—এই বিষয়টিসহ প্রধানত সাতটি যুক্তিতে পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।আসামি সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান সন্ধ্যায় জানান, এ দুজনের পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করার প্রক্রিয়া চলছে। গত ১৯ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আটক এই পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ ৩ জানুয়ারি তাঁদের মৃত্যু পরোয়ানা জারি করেন।