মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রবাসীকে অর্থের বিনিময়ে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে হত্যার দায়ে মৃত্যুদণ্ড হয় প্রবাসী বাংলাদেশি নুরের নবীর। কিন্তু নিহত মনোয়ারার পরিবার ২০ লাখ টাকা নিয়ে তাঁকে ক্ষমা করে দিয়েছে। এর মধ্য দিয়ে তাঁর দণ্ড মওকুফ হওয়ার পথ সুগম হলো।
গতকাল বৃহস্পতিবার নিহত মনোয়ারা বেগমের পরিবারের কাছে ওই অর্থ হস্তান্তর করা হয়। এরপর ওই পরিবারের পক্ষ থেকে দণ্ড মওকুফের আবেদনে স্বাক্ষর করা হয়।
নুরের নবী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পারেরখোলা গ্রামের আবদুল মোবিনের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থানকালে ২০১০ সালে স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন। মনোয়ারা ঢাকার সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লার মহব্বত আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শারজাতেই ছিলেন।
সাভার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের জানান, স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার অভিযোগে নুরের নবীকে শারজা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। বিচার শেষে শারজার আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে মনোয়ারা বেগমের পরিবার ক্ষমা করে দিলে ওই দেশের আইনে আসামির দণ্ড মওকুফের বিধান রয়েছে। সেই সুযোগে নুরের নবীর পরিবার মনোয়ারা বেগমের পরিবারের কাছে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু ক্ষমা করার শর্তে মনোয়ারা বেগমের পরিবার অর্থ দাবি করলে প্রক্রিয়াটি ঝুলে যায়। কারণ, নুরের নবীর দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না।
সহকারী কমিশনার জানান, নুরের নবীর পরিবার টাকা জোগাড়ে ব্যর্থ হওয়ায় দুবাইপ্রবাসী লোকজন সাড়ে ১২ লাখ টাকা সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠান। কিন্তু মনোয়ারা বেগমের পরিবার ২০ লাখ টাকার কমে ক্ষমার আবেদনে সই করতে অসম্মতি জানায়। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ওই পরিবারকে আরও সাড়ে সাত লাখ টাকা দিতে সম্মত হয়।
গতকাল সাভার উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মনোয়ারার মা ছবেদা বেগম ও ভাই আজাহারুল ইসলামের হাতে ২০ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় সাভারের সাংসদ এনামুর রহমান ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈনুদ্দিন খান উপস্থিত ছিলেন।
টাকা পাওয়ার পর ছবেদা বেগম বলেন, ‘আমরা কোনোভাবেই মেয়ের খুনিকে ক্ষমা করতে চাচ্ছিলাম না। কিন্তু অভিযুক্ত ব্যক্তির পরিবারের আকুতির কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে।’
সহকারী কমিশনার বলেন, ক্ষমার আবেদনে মনোয়ারা বেগমের মা ছবেদা বেগম সই করেছেন। আবেদনটি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শারজার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে। ওই আদালত নুরের নবীর দণ্ড মাফ করলে তিনি ছাড়া পাবেন।