মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী যোসেফের সাজা কমল আপিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে যোসেফের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আরেক আসামি কাবিল সরকারকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী ও ফ্রিডম পার্টির নেতা মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আপিলের শুনানি শেষে গতকাল বুধবার এই রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আদালতে যোসেফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান।
১৯৯৬ সালের ৭ মে মোহাম্মদপুরে মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। তাঁর স্ত্রী মোহাম্মদপুর থানায় মামলা করেন। ওই বছরের ৮ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৪ সালের ২৫ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার অন্যতম আসামি যোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং অন্য তিন আসামি আনিস আহমেদ, হারিস আহমেদ ও কাবিল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন যোসেফ, মাসুদ ও কাবিল। আসামি আনিস ও হারিস পলাতক থাকায় তাঁরা আপিল করতে পারেননি। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে যোসেফ ও কাবিলের সাজা বহাল থাকে এবং মাসুদ খালাস পান।