চট্টগ্রামের বহুল আলোচিত আট খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এই রায় দেন। খালাস পাওয়া চার আসামি হলেন সাজ্জাদ হোসেন খান, আলমগীর কবির, মো. আজম ও মো. সোলায়মান। এঁরা স্থানীয়ভাবে সবাই ইসলামী ছাত্র-শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
২০০০ সালের ১২ জুলাই দুপুরে চট্টগ্রাম বহদ্দারহাটে ব্রাশফায়ারে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীসহ আটজন নিহত হন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মাইক্রোবাসে করে একটি সমাবেশে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহতদের একজনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়ার বাজারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সমাবেশে যাওয়ার পথে ছাত্রশিবিরের ক্যাডাররা ব্রাশফায়ার করে। এতে ছাত্রলীগের ছয় নেতা, তাঁদের মাইক্রোবাসের চালক ও একজন অটোরিকশার চালক নিহত হন।
ঘটনার আট বছর ২০০৮ সালের ২৭ মার্চ এ মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী। রায়ে শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খান, মো. আলমগীর কবির ওরফে বাট্টা আলমগীর, মো. আজম ও মো. সোলায়মানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আরও তিনজন শিবির ক্যাডার হাবিব খান, এনামুল হক ও আবদুল কাইয়ুমকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই এখনো পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন খান ভারতের কারাগারে, বাকি তিনজন দেশের কারাগারে বন্দী আছেন। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন ২০০৪ সালে ভারতে পালিয়ে যান। তিনি ২০১২ সালের নভেম্বরে ভারতে গ্রেপ্তার হন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। গতকাল আপিলের রায় দেন হাইকোর্ট।