মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনসহ ১৬ আসামি হাইকোর্টে খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামে আবদুল বাকী ও তাঁর দুই ছেলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি খালাস পেয়েছেন।গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) এবং আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামি হলেন আবদুর রশিদ, সাইফুল ইসলাম, খত জামাল, ফারাইজুল, নিপুণ, গণি, বাছেদ, লাল মিয়া, অফফার আলী, শফিকুল ইসলাম, আশরাফ আলী মালেক ও বাচ্চু। নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চারজন হলেন জাহেদুল, ওয়াজেদুল, সফের ও মহসীন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।রায়ের বিষয়টি জানিয়ে আইনজীবী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত আবদুল বাকীর ছেলে আবদুল আজিজ মারা যাওয়ার আগে কয়েকজন আসামির নাম উল্লেখ করে (মৃত্যুকালীন ঘোষণা) যান। কিন্তু নিম্ন আদালত তা বিবেচনায় না নিয়ে চারজনকে খালাস দেন। এমনকি পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্যাতন করে আদায় করা হয়; যা আইনের চোখে অগ্রহণযোগ্য। এ মামলায় শুধু আত্মীয়স্বজনকে সাক্ষী হিসেবে আনা হয়, নিরপেক্ষ কোনো সাক্ষী ছিল না। এ ছাড়া তদন্ত ও বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ ছিল, এসব দিক বিবেচনায় নিয়ে ও অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামিসহ ১৬ জনকে খালাস দিয়েছেন। তবে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ১২ জনের একজন পলাতক। তাঁর ক্ষেত্রে কী আদেশ হয়েছে, তা রায় পেলে জানা যাবে। তবে এ রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে। আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে খুন হন বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আবদুল বাকী এবং তাঁর দুই ছেলে ইয়াছিন ও আবদুল আজিজ।