মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাতিজা সাব্বির আহমেদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি গতকাল সোমবার দুপুরে আত্মসমর্পণ করেছেন। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ আত্মসমর্পণ করলে বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামে আততায়ীর গুলিতে নিহত হন গামা। এ ঘটনায় নিহত গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজসহ ২১ জনকে আসামি করে মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটি নাটোর জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বদলি করা হয়। ২০০৬ সালের ২৪ আগস্ট ২১ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় এস এম ফিরোজসহ ১১ জন পলাতক ছিলেন। এস এম ফিরোজ, আনিছুর রহমান শাহ, ফরমান শাহ, সেন্টু শাহ, কায়ছার, ফজলুল হক শাহ, সাজাহান শাহ, জাহেদুল শাহ ও বাদল হোসেন গতকাল দুপুরে ওই আদালতে হাজির হলে বিচারক কানিজ আক্তার নাছরিনা খানম তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।