মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন বিষয়ক নথিপত্র হাইকোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনবিষয়ক (ডেথ রেফারেন্স) নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে। সংশ্লিষ্ট শাখা গতকাল রোববার তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করে (নম্বর-৪২/২০১৪)।
আদালত সূত্র জানায়, ডেথ রেফারেন্সের জন্য গত বৃহস্পতিবার বিচারিক আদালতের রায় ও কেস ডকেটসহ নথিপত্র এসে পৌঁছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ডেথ রেফারেন্স হিসেবে বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। পেপারবুক প্রস্তুত শেষে বেঞ্চ নির্ধারণের পর বিষয়টি শুনানির জন্য তালিকায় আসবে। এখন ২০০৯ সালের শেষে ২০১০ সালের পেপারবুক তৈরি হচ্ছে।
গত ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ওই মামলায় মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মুফতি হান্নানসহ কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আইনজীবীরা ওই দিন বলেছিলেন, তাঁরা আপিল করবেন। গতকাল সূত্র জানায়, এখন পর্যন্ত কোনো জেল আপিল বিষয়ে তথ্য জানা যায়নি।
কোনো ফৌজদারি মামলায় নিম্ন আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। একটি সূত্র জানায়, এখন ৩৬০টি ডেথ রেফারেন্স মামলা শুনানির অপেক্ষায়।
মৃত্যুদণ্ড পাওয়া আট আসামি হলেন: মুফতি হান্নান, আকবর হোসাইন, আরিফ হাসান ওরফে সুমন, তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই। এঁদের মধ্যে শেষের পাঁচজন পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামি হলেন: হাফেজ আবু তাহের, সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, হাফেজ ইয়াহিয়া, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, আবদুর রউফ ও শাহাদত উল্লাহ ওরফে জুয়েল।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা উদ্যানে ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিরা বোমা হামলা করে। এতে ১০ জন নিহত ও অনেকে আহত হন। হামলার ১৩ বছর পর এ ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষিত হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।